✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১২, | ১৩:২০:২৩ |হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে উয়েফা নেশন্স লিগে ইতালির বিপক্ষে ফ্রান্সের ম্যাচে খেলতে পারবেন না অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের কোচ জিনেদিন জিদান।
বৃহস্পতিবার মিলানে রবার্তো মানচিনির ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। ‘এ১’ গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত করার লক্ষ্য তাদের। এরপর রোববার বোর্দোয় তুরস্কের বিপক্ষে খেলবে ফরাসিরা।
জিদান বলেন, 'আগামীকালের ম্যাচে সে খেলবে না। সামান্য ব্যথা অনুভব করেছে সে। আমরা কোনো ঝুঁকি নিতে চাই না।'
তিনি আরও বলেন, 'খেলোয়াড় হারানো সব সময়ই হতাশার, তবে এটি খেলারই অংশ। আশা করি, চোট গুরুতর কিছু নয় এবং রোববারের ম্যাচে তাকে পাওয়া যাবে। সমস্যাটি সামান্য।'
চোটের কারণে ফ্রান্সের সর্বশেষ তিনটি ম্যাচে খেলতে পারেননি রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। এবারের আন্তর্জাতিক বিরতিতে আবারও জাতীয় দলে ফিরেছিলেন তিনি। চলতি মৌসুমে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ইতিমধ্যে ১৭টি গোল করেছেন এমবাপ্পে।
গত সেপ্টেম্বরে নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে জিদানের কোচিংয়ে প্রথম ম্যাচেই জয়সূচক গোল করেছিলেন এমবাপ্পে। তবে গোলের কিছুক্ষণ পর বাঁ হাঁটুতে ব্যথা অনুভব করায় মাঠ ছাড়তে হয়েছিল তাকে।
গ্রুপ পর্বে চার ম্যাচে তিন জয় ও এক ড্র নিয়ে এগিয়ে আছে ফ্রান্স। ইতালিকে হারাতে পারলেই কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত হবে তাদের।