✕

সর্বশেষ :
১৮১ কোটি টাকায় ২০ হাজার টন চিনি-ডাল কিনছে সরকার পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ৯৬ কোটি টাকার খাবার বড়ি কিনবে সরকার দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ কর্ণফুলী টানেল সংযোগ সড়ক নির্মাণে ব্যয় বাড়ল প্রায় ৫৭ কোটি টাকা প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয় দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হামে ও উপসর্গে চলতি বছরে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই ওমান এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১২, | ১৩:০৬:০৯ |

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য যুদ্ধের আগের অবস্থায় আর কখনোই ফিরবে না কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। এমন মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

বুধবার আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। গালিবাফ জানান, আট মাস ধরে চলা যুদ্ধের অবসানে তেহরানের দেওয়া সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এই জলপথের ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হয়েছে।

তিনি বলেন, ‘সেখানে কোনো মুক্ত জলসীমা (আন্তর্জাতিক জলসীমা) নেই। ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনও এই প্রণালির ক্ষেত্রে প্রযোজ্য নয়। হরমুজ প্রণালির ভেতরের নিয়মকানুন নির্ধারিত হবে এর দুই তীরবর্তী দেশ ইরান ও ওমানের আইন অনুযায়ী।’

গালিবাফ জানান, কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে ইরানের সাত দফা শর্তের বিষয়ে স্পষ্ট জবাব পাঠানো হয়েছে। এখন ওয়াশিংটনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে তেহরান। তার ভাষায়, ‘বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে।’

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ ও অর্থ ছাড়, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং যুদ্ধের সমাপ্তি নিয়ে স্পষ্ট ঘোষণা দেওয়া।

ইরানের প্রধান আলোচক বলেন, গত জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকেও এসব দাবি অন্তর্ভুক্ত ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসার আগে শর্তগুলো বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি পূর্বসম্মত বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে, অতিরিক্ত দাবি না তোলে এবং অবিশ্বাস তৈরি করে এমন আচরণ থেকে বিরত থাকে, তাহলে চুক্তিতে পৌঁছানো সম্ভব। তার মতে, সমঝোতার পথে সবচেয়ে বড় বাধা হলো যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের আস্থার অভাব।

গালিবাফের দাবি, মস্কো সফরের সময় মার্কিন কর্মকর্তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় মধ্যস্থতা করার অনুরোধ জানিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের নতুন করে ইরানে হামলার সম্ভাবনা নিয়েও সতর্কবার্তা দিয়েছেন তিনি। তার দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার হামলা চালালে আরেকটি পরাজয়ের মুখে পড়বেন এবং আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন মার্কিন কংগ্রেসের রাজনৈতিক চাপের মুখোমুখি হবেন।

গালিবাফ বলেন, ইরান আর ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন অনিশ্চিত পরিস্থিতির মধ্যে থাকতে চায় না। দেশটি একটি টেকসই প্রতিরোধ সক্ষমতা গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ, যার মধ্যে সামরিক সক্ষমতাও অন্তর্ভুক্ত।

এদিকে ইয়েমেনে সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত নিয়েও কথা বলেন ইরানের এই নেতা। তিনি বলেন, এই সংঘাতে কোনো পক্ষেরই হস্তক্ষেপ করা উচিত নয়।

তবে ইয়েমেনের সরকার ও সৌদি আরব উভয় পক্ষ ইরানের সহায়তা চাইলে সংঘাত নিরসনে তেহরান সহযোগিতা করবে বলে জানান তিনি।

এর আগে গত অক্টোবরে সৌদি আরবে ধারাবাহিক প্রাণঘাতী হামলার পর সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে আলোচনার আয়োজনের প্রস্তাব দিয়েছিল ইরান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..