✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১২, | ১৩:০৪:১২ |হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াপাড়া কাউছারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ডাক বিভাগের কাভার্ডভ্যানের চালক মৌলভীবাজার জেলার আদমপুর গ্রামের মৃত খয়রুদ্দিনের ছেলে জসিম (৪০), শ্রীমঙ্গলের সুরবি পাড়ার সন্তুস শাব্দাকর ছেলে মো. রিপন মিয়া (২৩) এবং মানিকগঞ্জ জেলার ঘিওর থানার কাকজোড়া গ্রামের বাসিন্দা মো. মজনু মিয়া (৫৪)।
পুলিশ ও ডাক বিভাগ সূত্রে জানা গেছে, সিলেট থেকে সরকারি ডাক নিয়ে একটি কাভার্ডভ্যান ঢাকায় যাচ্ছিল। পথে মাধবপুর উপজেলার নোয়াপাড়া নামক স্থানে পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে সড়কের পাশে দাঁড়ানো ছিল। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে একই দিক থেকে আসা বাংলাদেশ ডাক বিভাগের ডাক ও পার্সেল পরিবহনের একটি মাঝারি কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে কাভার্ডভ্যানে থাকা চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি এবং মৃতদেহগুলো শায়েস্তাগঞ্জ হইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।