✕

সর্বশেষ :
১৮১ কোটি টাকায় ২০ হাজার টন চিনি-ডাল কিনছে সরকার পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ৯৬ কোটি টাকার খাবার বড়ি কিনবে সরকার দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ কর্ণফুলী টানেল সংযোগ সড়ক নির্মাণে ব্যয় বাড়ল প্রায় ৫৭ কোটি টাকা প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয় দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হামে ও উপসর্গে চলতি বছরে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই ওমান এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

বল টেম্পারিংয়ে লেহম্যানের ভূমিকা নিয়েও ওয়ার্নারের প্রশ্ন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১২, | ১৩:০২:২২ |

২০১৮ সালের বল টেম্পারিং কাণ্ডে অস্ট্রেলিয়ার সাবেক কোচ ড্যারেন লেহম্যানের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন সাবেক আইসিসি ম্যাচ রেফারি ক্রিস ব্রড। তার সমালোচনার সঙ্গে একমত পোষণ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারও। ক্রিস ব্রড ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রডের বাবা।

উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর ২০১৮ সালের বল টেম্পারিং কাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই ট্র্যাক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিস ব্রড বলেন, ড্রেসিংরুমে কী ঘটছিল, তা লেহম্যানের জানার কথা।

ব্রড বলেন, 'ড্যারেন লেহম্যান নিশ্চয়ই সবকিছু জানতেন। আর যদি না জানতেন, তাহলে সে সময় তার কোচের দায়িত্বে থাকা উচিত ছিল না। আমার মনে হয়, তিনি খুব সহজেই পার পেয়ে গেছেন। ঠিক আছে, কয়েক মাস পর তিনি চাকরি ছেড়েছিলেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।'

এরপর ২০১৩ সালের অ্যাশেজে এজবাস্টন টেস্টে স্টুয়ার্ট ব্রডের একটি ঘটনা তুলে ধরেন তিনি। সে সময় ব্যাটে বল লাগার পরও আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায় থেকে ক্রিজ ছাড়েননি স্টুয়ার্ট। ওই ঘটনায় লেহম্যানের প্রতিক্রিয়ার প্রসঙ্গ টেনে ক্রিস ব্রড বলেন, '২০১৩ সালে তিনি আমার ছেলের বিরুদ্ধে নৈতিকতার বড় বড় কথা বলেছিলেন। স্টুয়ার্ট বল ব্যাটে লাগার পরও আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায় ছিল। সেদিন তাকে আউট দেওয়া হয়নি। এরপর লেহম্যান সংবাদমাধ্যমে এসে বলেছিলেন, পরেরবার অস্ট্রেলিয়ায় গেলে তারা স্টুয়ার্টকে কাঁদিয়ে ছাড়বেন।'

তিনি আরও বলেন, 'অথচ সেই তিনিই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ ছিলেন, যে দল মাঠে শিরিষ কাগজ নিয়ে গিয়েছিল এবং এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছিল। এই বিষয়টি নিয়ে ড্যারেন লেহম্যানের ওপর আমি ভীষণ ক্ষুব্ধ।'

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্রিস ব্রডের মন্তব্যের জবাবে ওয়ার্নার লিখেছেন, 'এর সঙ্গে আমি আরও বেশি একমত হতে পারতাম না। যদিও এমন কথা বলা আমার জন্য কঠিন!'

খাজার বই নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশের পর গত শনিবার অস্ট্রেলিয়ার এবিসি গ্র্যান্ডস্ট্যান্ডকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন লেহম্যান। বল টেম্পারিংয়ের পরিকল্পনার বিষয়ে দলের সবাই জানতেন—এমন ধারণা নাকচ করে দেন তিনি। একই সঙ্গে পুরোনো ঘটনা আবার সামনে আসায় মানসিকভাবে কতটা বিপর্যস্ত হচ্ছেন, সেটিও তুলে ধরেন।

লেহম্যান বলেন, 'এটি সত্যিই খুব খারাপ স্মৃতি ফিরিয়ে আনে। অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য দিনটি ছিল ভয়াবহ। অতীতেও বলেছি, ২৬০ লাখ মানুষের কাছে আমরা ক্ষমা চেয়েছি। সেদিন আমরা পুরো দেশকে হতাশ করেছিলাম। সেই সময় মানসিকভাবে সামলে উঠতে আমাকে অনেকের সাহায্য নিতে হয়েছিল। পর্দার আড়ালে অনেকেই পাশে ছিলেন। তাদের সাহায্য ছাড়া আজ আমি কোথায় থাকতাম, জানি না। তাদের কাছে আমি কৃতজ্ঞ।'

তিনি আরও বলেন, 'এখনো বিষয়টি নিয়ে কথা বলা সহজ নয়। আবার সেই সময়ে ফিরে গেলে, কীভাবে বলব জানি না, তবে মানসিকভাবে আবার খারাপ অবস্থায় চলে যাই। আশা করি, এবারও এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব এবং সামনে এগিয়ে যেতে পারব। ভালো মানুষদের সহযোগিতা পেলে সেটি সম্ভব হবে।'

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..