✕

সর্বশেষ :
১৮১ কোটি টাকায় ২০ হাজার টন চিনি-ডাল কিনছে সরকার পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ৯৬ কোটি টাকার খাবার বড়ি কিনবে সরকার দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ কর্ণফুলী টানেল সংযোগ সড়ক নির্মাণে ব্যয় বাড়ল প্রায় ৫৭ কোটি টাকা প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয় দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হামে ও উপসর্গে চলতি বছরে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই ওমান এবং মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

ভারতে এআই দিয়ে বই লেখার অভিযোগে সরকারি গ্রন্থাগারের বিরুদ্ধে তদন্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১২, | ১২:৫৭:০৮ |

ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি সরকারি গ্রন্থাগারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি সন্দেহভাজন শত শত বই কেনার অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে বই সরবরাহকারী একটি প্রকাশনা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব জব্দের নির্দেশও দেওয়া হয়েছে। বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়।

মাদ্রাজ হাইকোর্ট রাজ্যের দুর্নীতিবিরোধী সংস্থাকে এ বিষয়ে তদন্তের দায়িত্ব দিয়েছেন। কোয়েম্বাটুর শহরে সম্প্রতি উদ্বোধন করা একটি গ্রন্থাগারে ভুয়া তথ্য, লেখকের পরিচয় নিয়ে সন্দেহ এবং প্রশ্নবিদ্ধ বইয়ের সন্ধান পাওয়ার পর বিতর্কের সূত্রপাত হয়।

তামিল ভাষার ঔপন্যাসিক পেরুমল মুরুগান সম্প্রতি গ্রন্থাগারটি পরিদর্শন করে বইগুলোর মান ও সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। একটি অনলাইন সাময়িকীতে লেখা নিবন্ধে তিনি অভিযোগ করেন, গ্রন্থাগারটির তামিল বিভাগে প্রায় ১ হাজার ৮০০টি বই সরবরাহ করেছে স্বল্পপরিচিত প্রকাশনা সংস্থা আগাল ভিলাক্কু পাঠিপ্পাগাম। এসব বইয়ের অনেকগুলোর লেখকের নাম অপরিচিত, দাম অস্বাভাবিক বেশি এবং আন্তর্জাতিক মানসংখ্যা (আইএসবিএন) নিয়েও সন্দেহ রয়েছে।

বিতর্কিত বইগুলোর একটি হলো ‘নালাদিয়ার ভাঝভিন ভাঝিকাট্টি’ (নালাদিয়ারের মাধ্যমে জীবনের নির্দেশনা)। ৩০০ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ১ হাজার ৪৪৫ রুপি। বইটিতে নালাদিয়ারকে একজন তামিল কবি ও দার্শনিক হিসেবে বর্ণনা করা হয়েছে। অথচ নালাদিয়ার মূলত নৈতিকতা ও জীবনদর্শনবিষয়ক ৪০০টি চার পঙ্‌ক্তির কবিতার সমন্বয়ে রচিত একটি প্রাচীন তামিল সাহিত্যকর্ম।

আরেকটি বইয়ে প্রাচীন তামিল কবিতা ‘মাদুরাই কাঞ্চি’র রচয়িতা হিসেবে ভুল ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। তবে বিতর্কিত বইগুলো তৈরিতে সত্যিই এআই ব্যবহার করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মাদুরাইয়ের আরেকটি সরকারি গ্রন্থাগারে পাওয়া একটি বই নিয়েও প্রশ্ন উঠেছে। ‘ডেমোক্রেসি অ্যান্ড পিপলস রাইটস ইন দ্য কনটেম্পোরারি ওয়ার্ল্ড’ শীর্ষক বইটির লেখক হিসেবে প্রখ্যাত অর্থনীতিবিদ জ্যঁ দ্রেজের নাম উল্লেখ করা হয়েছে। তবে তিনি দ্য হিন্দু পত্রিকাকে জানিয়েছেন, বইটি তিনি লেখেননি। তার অনুমতি ছাড়াই নাম ব্যবহার করা হয়ে থাকতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

প্রায় ৩০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত পেরিয়ার আরিভুলাগাম গ্রন্থাগারটি গত ১৬ অক্টোবর উদ্বোধন করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। সমাজ সংস্কারক পেরিয়ার ইভি রামাসামির নামে গ্রন্থাগারটির নামকরণ করা হয়েছে।

এ ঘটনায় রাজ্যজুড়ে সরকারি গ্রন্থাগারগুলোর বই কেনার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। ১৬০ জনের বেশি লেখক, গবেষক, শিল্পী ও প্রকাশক একটি যৌথ বিবৃতিতে স্বাধীন তদন্ত, বই কেনার নথি প্রকাশ এবং রাজ্যের সব গ্রন্থাগারের বইয়ের সংগ্রহ নিরীক্ষার দাবি জানিয়েছেন। তদন্তে সরকারি অর্থের অপব্যবহারের প্রমাণ পাওয়া গেলে সেই অর্থ ফেরত আনারও আহ্বান জানিয়েছেন তারা।

তাদের প্রশ্ন, বিশেষজ্ঞ কমিটির যাচাই, দরদাম নির্ধারণ এবং একাধিক পর্যায়ের পর্যালোচনার মধ্য দিয়ে কীভাবে এসব বিতর্কিত বই গ্রন্থাগারের সংগ্রহে জায়গা পেল?

এদিকে রাজ্য সরকারও সরকারি গ্রন্থাগারগুলোর বইয়ের সংগ্রহ নিরীক্ষার নির্দেশ দিয়েছে। তামিলনাড়ুর স্কুলশিক্ষামন্ত্রী এ রাজমোহন অভিযোগটিকে সম্ভাব্য ‘ভারতের প্রথম এআই কেলেঙ্কারি’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, চেন্নাইয়ের ঐতিহাসিক কনেমারা পাবলিক লাইব্রেরি থেকে প্রাথমিক যাচাইয়ের পর ইতিমধ্যে ৫২৩টি বই সরিয়ে নেওয়া হয়েছে। পেরিয়ার আরিভুলাগাম থেকেও বিতর্কিত বইগুলো সরানো হয়েছে। রাজ্যের অন্যান্য গ্রন্থাগারের বই কেনার প্রক্রিয়াও তদন্তের আওতায় আনা হবে।

এ ঘটনায় রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। রাজ্য সরকার বই কেনার জন্য সাবেক দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে) নেতৃত্বাধীন প্রশাসনকে দায়ী করেছে। স্কুলশিক্ষামন্ত্রী রাজমোহন বলেছেন, তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সরকারি অর্থ পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হবে।

তবে ডিএমকে অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। দলটি বই কেনার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানিয়েছে।

এআই প্রযুক্তির সাহায্যে দ্রুত ও কম খরচে বই তৈরি করা সম্ভব হলেও এতে ভুল তথ্য, কাল্পনিক সূত্র এবং লেখকের পরিচয় জালিয়াতির ঝুঁকি রয়েছে। তামিলনাড়ুর এই ঘটনা বই প্রকাশনা ও সরকারি গ্রন্থাগারে বইয়ের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..