✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১২, | ১২:৫৩:২৪ |দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভ্যাটসহ প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করেছে বাজুস। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, আজ সকাল থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১০০ টাকা কমে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ হাজার ৫৭৫ টাকা কমে ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটি বৈঠক করে মূল্য হ্রাসের এ সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষর করা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। স্বর্ণের দাম কমানো হলেও রুপার মূল্য আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৬ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭০ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।