✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১২, | ০১:৪৩:২৫ |ইতালির রোম কিংবা ইউরোপের যেকোনো প্রান্তে থাকা মার্কিন বিমানঘাঁটি থেকে যদি কোনো হামলা চালানো হয়, তবে দূরপাল্লার সেই মার্কিন ঘাঁটিগুলোতেও সরাসরি আঘাত হানবে তেহরান। আল মায়াদিনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মহসিন রেজায়ি। একই সাথে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সব ধরনের গোপন আলোচনার খবর নাকচ করে দিয়েছেন এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য তেহরানের পক্ষ থেকে সাতটি সুনির্দিষ্ট শর্ত আরোপের কথা ঘোষণা করেছেন।
সাক্ষাৎকারে জেনারেল মহসিন রেজায়ি অত্যন্ত স্পষ্টভাবে জানান যে, বর্তমান মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো ধরনের কূটনৈতিক বা অপ্রকাশ্য আলোচনা চলছে না। সাম্প্রতিক সময়ে কাতার বা অন্যান্য স্থানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক সংক্রান্ত যে খবর ছড়িয়ে পড়েছে, সেটিকে ভিত্তিহীন বলে অভিহিত করেন তিনি। রেজায়ির মতে, অর্থনৈতিক চাপ কমানো এবং তেলের বাজার ও দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যেই ওয়াশিংটন এসব মিথ্যা খবর ছড়াচ্ছে। তিনি জানান, ইরান ইতিমধ্যেই তাদের চূড়ান্ত শর্তাবলী যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে এবং এখন ওয়াশিংটনের কাছ থেকে একটি সুস্পষ্ট ও সরাসরি উত্তরের অপেক্ষায় রয়েছে। এছাড়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে যেকোনো সম্ভাব্য বৈঠকের সম্ভাবনাও তিনি পুরোপুরি খারিজ করে দেন।
ওয়াশিংটনের সঙ্গে আগের কূটনৈতিক চেষ্টার প্রসঙ্গ টেনে রেজায়ি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র বারবার ইরানের দেওয়া প্রতিশ্রুতি ও চুক্তি লঙ্ঘন করেছে। তিনি জানান, জেনেভায় আলোচনার টেবিল ছেড়ে যুক্তরাষ্ট্রের আগ্রাসন চালানো এবং পরবর্তীতে ইসলামাবাদে উভয় পক্ষ একটি চুক্তিতে স্বাক্ষর করার পরও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক মাসের কম সময়ের মধ্যে তা ছিঁড়ে ফেলেন। একজন রাষ্ট্রপ্রধানের চুক্তিতে সই করার পর এভাবে তা বাতিল করা ইতিহাসে বিরল হলেও তেহরান এখনও কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ করেনি বলে তিনি মন্তব্য করেন।
হরমুজ প্রণালির অচলাবস্থা নিয়ে কথা বলতে গিয়ে রেজায়ি জোর দিয়ে বলেন, যতক্ষণ না ওয়াশিংটন ইরানের জনগণের অধিকার মেনে নিচ্ছে, ততক্ষণ এই জলপথ বন্ধই থাকবে। তেহরানের পক্ষ থেকে যে সাতটি শর্ত নির্ধারণ করা হয়েছে, সেগুলো মূলত ইরানি জনগণের মৌলিক অধিকারের সমতুল্য। যুক্তরাষ্ট্র যদি এই শর্তগুলো পুরোপুরি বাস্তবায়ন করে, তবেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। তবে মার্কিন জবাব এখন পর্যন্ত ধোঁয়াশাপূর্ণ ও বিভ্রান্তিকর বলে তিনি অভিহিত করেন। এই সংকট নিরসনে পাকিস্তান ও কাতার প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এবং ইরাক ও সংযুক্ত আরব আমিরাত থেকেও কিছু বার্তা এসেছে বলে তিনি উল্লেখ করেন। তেহরানের মূল ও প্রথম দাবি হলো সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে, অবিলম্বে যুদ্ধ বন্ধ করা। পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে পরস্পরের সঙ্গে যুক্ত উল্লেখ করে তিনি বলেন, অঞ্চলের যেকোনো একটি দেশে নিরাপত্তাহীনতা দেখা দিলে তার প্রভাব স্বাভাবিকভাবেই অন্যান্য প্রতিবেশীদের ওপর পড়ে।
ইরানের পারমাণবিক সক্ষমতা ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে তেহরানের অবস্থান পরিষ্কার করেন এই শীর্ষ কর্মকর্তা। তিনি জানান, পারমাণবিক বিষয়টি বর্তমানে মূল আলোচনার অংশ নয়, তবে সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি পরমাণু বা কণাও ইরানের বাইরে যাবে না। ইরান বর্তমানে পারমাণবিক শক্তিচালিত জাহাজ, সাবমেরিন এবং ছোট আকারের মডুলার রিয়্যাক্টর (এসএমআর) তৈরির নকশা নিয়ে কাজ করছে, যার জন্য এই সমৃদ্ধকৃত উপাদানের পূর্ণ প্রয়োজন রয়েছে। এনপিটি চুক্তির আওতায় ইরানের প্রাপ্য ২২টি অধিকারের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সব বাধ্যবাধকতা পূরণ করার পরও ইরান আক্রমণের শিকার হয়েছে, যার ফলে তেহরান তার প্রতিরোধ নীতি জোরদার করতে বাধ্য হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক সীমাবদ্ধতার কথা তুলে ধরে রেজায়ি দাবি করেন, ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো রাজনৈতিক সক্ষমতা এখন নিঃশেষ হয়ে গেছে। তাদের হাতে এখন বড়জোড় তিন থেকে পাঁচ দিনের একটি সংক্ষিপ্ত সামরিক অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। এমনকি 'পিকঅ্যাক্স মাউন্টেন'-এ হামলার পরিকল্পনাকেও একটি অর্থহীন রাজনৈতিক নাটক বলে তিনি আখ্যা দেন। রেজায়ি স্পষ্ট সতর্কবার্তা দেন যে, যুক্তরাষ্ট্র যদি পুনরায় কোনো ভুল করে আক্রমণ চালায়, তবে ইরান এবার আর শুধু কাছের ঘাঁটিতেই সীমাবদ্ধ থাকবে না; ইউরোপে অবস্থিত দূরপাল্লার মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে। যেসব দেশের বিমানঘাঁটি ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ইরানে হামলা চালাবে, সেই সব স্থানকেই ইরান সরাসরি হুমকি হিসেবে গণ্য করবে।
যুদ্ধের ময়দানে ইরানের সাফল্যের কথা তুলে ধরে রেজায়ি বলেন, প্রযুক্তি ও বিলিয়ন ডলারের অস্ত্রের চেয়ে ঈমানি শক্তির জয় হয়েছে। এই যুদ্ধে ইরান প্রতিপক্ষের এফ-৩৫, এফ-১৫, এফ-১৬, এফ-১৮ এবং বিশেষ এওয়াকস বিমানকে লক্ষ্যবস্তু করেছে, প্রায় ২০০টি সর্বাধুনিক ড্রোন ভূপাতিত করেছে, কিছু আকাশে থাকা মার্কিন ড্রোনের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে এবং দুটি অত্যাধুনিক সাবমেরিন ও সাতটি পূর্ণাঙ্গ ড্রোন অক্ষত অবস্থায় জব্দ করতে সক্ষম হয়েছে। তিনি মার্কিন যুদ্ধবিষয়ক সচিব পিট হেগসেথকে অনভিজ্ঞ হিসেবে উল্লেখ করে বলেন, ইরানি জেনারেলরা প্রতিরক্ষামূলক কৌশল পরিচালনায় মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের চেয়ে বহুলাংশে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন।
অঞ্চলের প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন প্রতিরোধ অক্ষের ভূয়সী প্রশংসা করে রেজায়ি বলেন, এদের ত্যাগ না থাকলে পুরো পশ্চিম এশিয়া আজ মার্কিন ও ইসরায়েলি সামরিক দখলাভিযানের অধীনে চলে যেত। হিজবুল্লাহ এবং হামাসের কঠোর প্রতিরোধের মুখে ইসরায়েলি বাহিনী এখন হিজবুল্লাহর সীমানা থেকে অন্তত ১০ থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থান করতে বাধ্য হচ্ছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে পারস্য উপসাগরীয় আটটি দেশ—ওমান, ইউএই, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক ও ইরানকে নিয়ে একটি সমন্বিত 'গালফ ইউনিয়ন' বা উপসাগরীয় জোট গঠনের প্রস্তাব পুনর্ব্যক্ত করেন তিনি।
সম্প্রতি তার মস্কো সফর প্রসঙ্গে রেজায়ি জানান, ইরানের বর্তমান নেতা সাইয়্যেদ মোজতবা খামেনির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে তুলে দিয়েছেন। পুতিন টেবিল থেকে উঠে এসে অত্যন্ত সম্মানের সঙ্গে বার্তাটি গ্রহণ করেন এবং ইরানের বর্তমান নেতৃত্বের সঙ্গে কৌশলগত সহযোগিতা, বিশেষ করে উত্তর-দক্ষিণ পরিবহন করিডোর ও বিদ্যুৎ-গ্যাস সরবরাহ খাত জোরদারের বিষয়ে ইতিবাচক আলোচনা করেছেন। পুতিন একমত প্রকাশ করেছেন যে ইরানকে বাদ দিয়ে এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
সাক্ষাৎকারের শেষাংশে নিজের সামরিক পোশাক ও নেতৃত্বের বিষয়ে কথা বলেন আইআরজিসির সাবেক এই প্রধান কমান্ডার। ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আইআরজিসি-র প্রধান হিসেবে দায়িত্ব পালন করা মহসিন রেজায়ি দীর্ঘ তিন দশক পর আবারও সবুজ সামরিক পোশাকে ফেরার কারণ ব্যাখ্যা করেন। তিনি জানান, ১৭ বছর বয়স থেকেই তিনি দেশের সেবায় নিয়োজিত এবং পরবর্তীতে অর্থনীতির যুদ্ধ মোকাবিলায় রাজনীতিতে এলেও বর্তমান সংকটে তিনি নিজের পুরনো শপথের কাছে ফিরে গেছেন।
সূত্র: আল মায়াদিন