✕

সর্বশেষ :
রিয়াল ছাড়ার ইঙ্গিত এন্দ্রিকের, দলে নিতে আগ্রহ দুই ক্লাবের চোটে বিপর্যস্ত ফ্রান্স, এবার ছিটকে গেলেন চুয়ামেনি বরিশালে ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে পরীক্ষকদের জন্য ঢাকা বোর্ডের নির্দেশনা আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ সরকারের মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত ডিসেম্বরেই জেঁকে বসবে শীত, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ২২ উপজেলায় ১ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ

রিয়াল ছাড়ার ইঙ্গিত এন্দ্রিকের, দলে নিতে আগ্রহ দুই ক্লাবের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১১, | ১৪:৩৬:০২ |

নিয়মিত খেলার সুযোগ না পেলে ক্যারিয়ারের স্বার্থে রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। আগামী জানুয়ারিতে কী হবে তা এখনো নিশ্চিত নন তিনি। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্যারিয়ারের উন্নতিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান ২০ বছর বয়সী এই ফুটবলার। তাকে দলে নিতে আগ্রহ দেখাচ্ছে ইতালির দুই ক্লাব এসি মিলান ও রোমা।

সম্প্রতি ব্রাজিল জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার পর নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন এন্দ্রিক। আগামী ১৪ নভেম্বর জাপান এবং ১৭ নভেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। জাতীয় দলের প্রস্তুতির সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এন্দ্রিক বলেন, তিনি এখনো তরুণ। তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চান না। তবে মাঠে নিয়মিত খেলতে, আনন্দে থাকতে এবং সতীর্থদের সাহায্য করতে চান। গোল করা ও সতীর্থদের দিয়ে গোল করানোও তাঁর লক্ষ্য।

জানুয়ারির দলবদল নিয়ে এন্দ্রিক বলেন, তখন কী ঘটবে, তা তিনি জানেন না। সবকিছু সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়েছেন। নিজের ক্যারিয়ারের জন্য যা সবচেয়ে ভালো, সেটিই করতে চান তিনি। স্পেনের মাদ্রিদ শহর তাঁর ভালো লাগলেও ক্যারিয়ারের অগ্রগতির জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পিছপা হবেন না।

রিয়াল মাদ্রিদে এন্দ্রিকের সামনে সবচেয়ে বড় বাধা আক্রমণভাগে প্রতিদ্বন্দ্বিতা। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পের মতো তারকা থাকায় শুরুর একাদশে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে তাঁর জন্য। এন্দ্রিক নিজেও স্বীকার করেছেন, দলে কারা রয়েছেন এবং তার সামনে কারা খেলছেন, তা সবারই জানা। এমবাপ্পেকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার উল্লেখ করে তিনি বলেন, যতটুকু সুযোগ পান, সেটিকে কাজে লাগানোর চেষ্টা করেন।

চলতি মৌসুমে রিয়ালের হয়ে সাত ম্যাচে তাঁর মাঠে থাকার সময় মাত্র ১৪১ মিনিট। চোটের কারণেও কয়েকটি ম্যাচে খেলতে পারেননি তিনি। সীমিত সুযোগের মধ্যে নিজের সামর্থ্য দেখানোর চেষ্টা করলেও নিয়মিত খেলার অভাব তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

এর আগে ২০২৬ সালের জানুয়ারিতে রিয়াল থেকে ধারে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁতে যোগ দিয়েছিলেন এন্দ্রিক। সেখানে ২১ ম্যাচে আটটি গোল করার পাশাপাশি আটটি গোলে সহায়তা করেন তিনি। ফ্রান্সে সেই সময়টিকে নিজের জীবনের অন্যতম আনন্দের অধ্যায় বলে উল্লেখ করেছেন এই ব্রাজিলিয়ান। নিয়মিত খেলার সুযোগ পেয়ে নিজের সামর্থ্য প্রমাণ করতে পেরেছিলেন তিনি।

এবার তাঁকে দলে নেওয়ার আগ্রহ দেখাচ্ছে ইতালির এসি মিলান ও রোমা। দুই ক্লাবই আগামী জানুয়ারির দলবদলে এন্দ্রিককে পাওয়ার চেষ্টা করতে পারে। রিয়াল মাদ্রিদ অবশ্য স্থায়ীভাবে ছেড়ে দেওয়ার চেয়ে ধারে পাঠানোর পক্ষপাতী বলে জানা গেছে। অন্যদিকে, ইতালির ক্লাব দুটি চুক্তিতে কেনার বিকল্প অথবা স্থায়ীভাবে দলে নেওয়ার সুযোগ রাখতে চায়। রিয়ালের জন্য পুনরায় খেলোয়াড়টিকে ফিরিয়ে নেওয়ার শর্তও আলোচনায় রয়েছে।

এন্দ্রিকের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি ২০৩০ সাল পর্যন্ত। তাঁর সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৬ কোটি ইউরো বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে তাঁকে দলে নিতে হলে চুক্তির শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা প্রয়োজন হবে।

এদিকে রিয়ালের কোচ হোসে মরিনিও এন্দ্রিককে ছাড়তে রাজি নন। রোমার বিপক্ষে ম্যাচের আগে সম্ভাব্য দলবদল নিয়ে প্রশ্ন করা হলে তিনি আগ্রহী ক্লাবগুলোকে অপেক্ষা করতে বলেন। এন্দ্রিককে নিজের পছন্দের খেলোয়াড় উল্লেখ করে মরিনিও বলেন, তাঁর মধ্যে অসাধারণ সম্ভাবনা রয়েছে এবং তিনি রিয়ালের জন্য গুরুত্বপূর্ণ। ধারে পাঠানোর প্রয়োজন নেই বলেও মনে করেন এই পর্তুগিজ কোচ।

মরিনিওর সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও ইতিবাচক কথা বলেছেন এন্দ্রিক। তাঁর ভাষ্য, কোচ প্রতিদিন তাঁর খোঁজ নেন, তবে ফুটবল নিয়ে নয়; বরং ব্যক্তিগত জীবন ও কেমন আছেন, তা জানতে চান। মরিনিওর এই আন্তরিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। রিয়াল মাদ্রিদকে সবার আগে রাখার কথাও জানিয়েছেন এন্দ্রিক।

তবে কোচের সঙ্গে সুসম্পর্ক কিংবা ক্লাবের প্রতি আনুগত্য- কোনোটিই নিয়মিত খেলার প্রয়োজনীয়তাকে আড়াল করতে পারছে না। জাতীয় দলের হয়ে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হলে ক্লাব পর্যায়ে ধারাবাহিকভাবে মাঠে নামা জরুরি। তাই জানুয়ারির দলবদলে এন্দ্রিকের ভবিষ্যৎ কোন দিকে যায়, সেটিই এখন ফুটবলবিশ্বের আগ্রহের বিষয়।

তথ্যসূত্র: গোল ডটকম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..