✕

সর্বশেষ :
রিয়াল ছাড়ার ইঙ্গিত এন্দ্রিকের, দলে নিতে আগ্রহ দুই ক্লাবের চোটে বিপর্যস্ত ফ্রান্স, এবার ছিটকে গেলেন চুয়ামেনি বরিশালে ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে পরীক্ষকদের জন্য ঢাকা বোর্ডের নির্দেশনা আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ সরকারের মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত ডিসেম্বরেই জেঁকে বসবে শীত, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ২২ উপজেলায় ১ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ

প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ২২ উপজেলায় ১ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১১, | ১৪:২১:৩৬ |

প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২২টি উপজেলায় ৬৬০ জনকে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রশিক্ষণ আয়োজনের জন্য মোট ১ কোটি ৩ লাখ ২৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (ফেইজ-২)’ প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ থেকে এ অর্থ মঞ্জুর করা হয়।

এ বিষয়ে গত ৯ নভেম্বর সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প কার্যালয় থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার বরাবর চিঠি পাঠানো হয়েছে।

চিঠি অনুযায়ী, ২২টি উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিটির অনুকূলে ৪ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় ৩০ জন করে মোট ৬৬০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণের মেয়াদ হবে ১০ দিন।

বরাদ্দপ্রাপ্ত উপজেলাগুলোর মধ্যে রয়েছে নীলফামারীর জলঢাকা ও সৈয়দপুর, চট্টগ্রামের পটিয়া, রাউজান ও সাতকানিয়া, কক্সবাজার সদর ও রামু, রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু, নরসিংদীর রায়পুরা ও শিবপুর, ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ, নাটোরের বড়াইগ্রাম ও সিংড়া, পঞ্চগড়ের আটোয়ারী ও তেঁতুলিয়া, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও ঠাকুরগাঁও সদর, সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ এবং সিলেটের গোয়াইনঘাট ও কানাইঘাট।

প্রকল্পটির ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে প্রশিক্ষণ খাতে ১৬ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এ থেকে ২২টি উপজেলা সমাজসেবা কার্যালয়ের জন্য ১ কোটি ৩ লাখ ২৯ হাজার টাকা মঞ্জুর করা হয়।

এ প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর ব্যক্তিগত দক্ষতা, যোগাযোগ, দলগত কাজ, সমস্যা সমাধান এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় অন্যান্য সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। ফলে এ উদ্যোগ তাদের পেশাগত সক্ষমতা ও জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে । 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..