✕


চলন্ত গাড়িতে আগুন, জীবন্ত পুড়ে প্রাণ গেল ৬ বন্ধুর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৯, | ১৮:৩৬:৩২ |

ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে একটি প্রাইভেটকারে আগুন ধরে ছয় যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে পানিপথ-খতিমা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই হরিয়ানার হাসি এলাকার দুটি গ্রামের বাসিন্দা।

সংবাদমাধ্যম দ্য ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, মহাসড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগার পর গাড়িটিতে আগুন ধরে যায়। এতে ভেতরে আটকা পড়ে জীবন্ত দগ্ধ হন ছয় বন্ধু। দুর্ঘটনাস্থলটি মুজাফফরনগর শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে।

নিহতরা হলেন- সাহিল (২০), আমান (২১), অজয় (২১), অঙ্কিত (২১), একই নামের আরেক অঙ্কিত (২১) এবং রাহুল (২৩)। তাদের মধ্যে চারজন রাখিগড়ি গ্রামের এবং দুজন মোথ রঙ্গরান গ্রামের বাসিন্দা। নিহত অঙ্কিত ও রাহুল আপন দুই ভাই। আমান, অজয় ও একজন অঙ্কিত শিক্ষার্থী ছিলেন। বাকি তিনজন বিভিন্ন স্বনির্ভর পেশায় যুক্ত ছিলেন।

পরিবারের কাউকে না জানিয়েই রবিবার দিবাগত রাত ১২টার দিকে বাড়ি থেকে বের হয়েছিলেন তারা। সোমবার সোমবতী অমাবস্যা উপলক্ষে গঙ্গায় পুণ্যস্নান করতে হরিদ্বার যাচ্ছিলেন ছয় বন্ধু। দীপাবলির উৎসব শেষে তাদের এই যাত্রা শুরু হয়েছিল।

সাহিলের বাবা সোম কুমার জানান, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন তার ছেলে। দুই দিন আগে প্রবীণ নামের এক ব্যক্তির কাছ থেকে হুন্দাই অরা মডেলের গাড়িটি নিয়েছিলেন তিনি।

গ্রামবাসীরা জানান, নিহত ছয়জন একে অপরের বন্ধু ছিলেন। দীপাবলি উদযাপনের পর তাঁরা বাড়ি থেকে বের হয়েছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগার পরপরই গাড়িটিতে আগুন ধরে যায়। এতে গাড়ির ভেতরে থাকা ছয়জনই জীবন্ত দগ্ধ হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে ছয়জনের মরদেহ এতটাই পুড়ে যায় যে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। খবর পেয়ে স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। মরদেহগুলো বাড়িতে ফিরিয়ে আনতে কয়েকটি পরিবারের সদস্য ইতিমধ্যে উত্তর প্রদেশের উদ্দেশে রওনা হয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..