✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০৯, | ১৮:৩৪:৫৪ |পাকিস্তানের প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দেশটির বিদ্যমান চারটি প্রদেশ ভেঙে মোট ১২টি প্রদেশ গঠনের সম্ভাবনা নিয়ে জোর রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সরকারের এই প্রস্তাবের পক্ষে প্রকাশ্যে নিজের অবস্থান তুলে ধরেছেন। তিনি যুক্তি দিয়েছেন, প্রশাসনিক সুবিধার্থে নতুন ও ছোট প্রদেশ গঠন করা হলে সরকারি সেবা ও সম্পদ খুব সহজেই জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হবে।
এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ উল্লেখ করেন, পাকিস্তানের জনসংখ্যা ও শহরের আয়তন দিন দিন বহুগুণ বাড়ছে। এই বিশাল জনগোষ্ঠীর প্রশাসনিক প্রয়োজন মেটাতে বিদ্যমান ৪টি প্রাদেশিক রাজধানী লাহোর, করাচি, পেশোয়ার ও কোয়েটার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হচ্ছে এবং প্রশাসনিক সিদ্ধান্ত ও আর্থিক ক্ষমতা এই কয়েকটি কেন্দ্রেই সীমাবদ্ধ থাকছে। এর ফলে দূরদূরান্তের ছোট শহর ও জেলাগুলো কাঙ্ক্ষিত উন্নয়ন এবং সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি মনে করেন, ক্ষমতা বিকেন্দ্রীকরণ ও নতুন প্রশাসনিক অঞ্চল করা হলে উন্নয়ন বাজেট ও সরকারি সিদ্ধান্ত সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছাবে।
তবে তিনি এই শর্তও জুড়ে দেন যে, নতুন প্রদেশগুলো কোনোভাবেই ভাষা, জাতিগত বা রাজনৈতিক স্বার্থের ভিত্তিতে গঠন করা যাবে না বরং পুরোপুরি প্রশাসনিক প্রয়োজন বিচার করেই তা নির্ধারণ করতে হবে। এছাড়া তিনি বর্তমান অর্থ বণ্টন ব্যবস্থার সমালোচনা করে বলেন, কেন্দ্র থেকে দেওয়া অর্থ প্রাদেশিক রাজধানীগুলোতে আটকে থাকে, স্থানীয় প্রাতিষ্ঠানিক পর্যায়ে পৌঁছায় না।
গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন ও খসড়া প্রস্তাব অনুযায়ী, ১২টি প্রদেশ গঠনের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাঞ্জাব প্রদেশকে ভেঙে সবচেয়ে বেশি; মোট ৪টি নতুন প্রদেশে রূপান্তর করা হবে। এছাড়া খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানকে ৩টি করে এবং সিন্ধ প্রদেশকে ২টি পৃথক প্রশাসনিক প্রদেশে বিভক্ত করার একটি প্রাথমিক প্রস্তাব আলোচনায় রয়েছে।
পাকিস্তানের সংবিধানের ২৩৯ অনুচ্ছেদ অনুযায়ী যেকোনো নতুন প্রদেশ গঠন বা সীমানা পরিবর্তন করতে হলে কেন্দ্রীয় পার্লামেন্টের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংশোধন করতে হয়। একই সাথে সংশ্লিষ্ট প্রাদেশিক পরিবেশ বা পরিষদেরও দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন নিশ্চিত করা বাধ্যতামূলক। ফলে প্রস্তাবিত ২৮তম সংবিধান সংশোধনের মাধ্যমে এ ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করতে হলে কেন্দ্র ও রাজ্য উভয় পর্যায় থেকেই ব্যাপক রাজনৈতিক সমঝোতা তৈরি করা প্রয়োজন। যদিও ২০২৭ সালের প্রথম দিকে সংবিধান সংশোধনের প্রাথমিক কাজ শুরু হতে পারে বলে গুঞ্জন রয়েছে।
সূত্র: গালফ নিউজ