✕


ইউক্রেনের হামলায় জ্বালানি সংকটে রাশিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৯, | ১৮:৩৩:৪১ |

তেল শোধনাগারে ইউক্রেনের টানা হামলার পর রাশিয়ার একাধিক অঞ্চলে জ্বালানি সংকট দেখা দিয়েছে। ফলে কাঙিক্ষত জ্বালানি না পেয়ে ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা ধরে গাড়ি চালকদের দাঁড়িয়ে থাকতে হয়েছে। রুশ কর্মকর্তা ও দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গেল দুই সপ্তাহে কিয়েভ রাশিয়ার অন্তত আটটি বড় তেল শোধনাগারে হামলা চালিয়েছে।

গত ৩০ অক্টোবরের পর থেকে ইউক্রেন রুশ তেল শোধনাগারগুলোর ওপর হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভ ও মস্কোর মধ্যে জ্বালানি সংক্রান্ত যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছিলেন, যদিও তা কার্যকর হতে ব্যর্থ হয়।

সোমবার (৯ নভেম্বর) গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো জানিয়েছেন, ইউক্রেন তাদের সর্বশেষ হামলায় রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিরিশি শহরে অবস্থিত দেশটির দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগারে আঘাত হেনেছে। এ ধরনের হামলায় তাদের পেট্রোল ও ডিজেল উৎপাদনের সক্ষমতাকে কমিয়ে দিচ্ছে। ফলে অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এছাড়া বিশ্ববাজার ও যুক্তরাষ্ট্রে রুশ ডিজেল রপ্তানি নিয়ে ভ্লাদিমির পুতিন এবং ট্রাম্পের মধ্যে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা থাকলে, এই হামলা সেই প্রক্রিয়াকেও জটিল করে তুলতে পারে।

রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কারেলিয়া অঞ্চলের প্রধান রবিবার জানিয়েছেন, মহাসড়কগুলোর পাশে অবস্থিত ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি বিক্রির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে একজন ক্রেতা সর্বোচ্চ ৩০ লিটার পেট্রোল বা ৫০ লিটার ডিজেল কিনতে পারবেন। এছাড়া, ক্যানিস্টারে (পাত্রে) জ্বালানি বিক্রি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

কারেলিয়ার গভর্নর আর্তুর পারফেনচিকভ টেলিগ্রামে লিখেছেন, আমি ভালোভাবেই জানি, এই বিধিনিষেধগুলোর কারণে প্রজাতন্ত্রের বাসিন্দা এবং ব্যবসায়ীরা কারিগরী এবং পরিবহন ব্যবস্থার ওপর নির্ভরশীল ব্যক্তিরা অসুবিধার সম্মুখীন হতে পারেন। তবে বর্তমান পরিস্থিতিতে এই পদক্ষেপগুলো নেওয়া জরুরি। তিনি আরও বলেন, আমাদের আতঙ্কিত না হয়ে জ্বালানি কেনার প্রবণতা রোধ করা, জ্বালানির সুষম বণ্টন নিশ্চিত করা এবং পেট্রোল স্টেশনগুলোর কার্যক্রম স্বাভাবিক প্রবাহ নিশ্চিতের ওপর জোর দিতে হবে।

গভর্নর জানান, সাময়িক এই বিধিনিষেধগুলো রাশিয়ার বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘রসনেফট’-এর নিয়ন্ত্রণাধীন ফিলিং স্টেশনগুলোতে কার্যকর করা হয়েছে। কর্তৃপক্ষ দ্রুত স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য কাজ করছে। এদিকে পূর্ব সাইবেরিয়ার বুরিয়াতিয়া অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, আঞ্চলিক রাজধানী উলান-উদে-তে অবস্থিত রসনেফটের ফিলিং স্টেশনগুলোতে একই ধরনের বিক্রয়সীমা আরোপ করা হয়েছে। এছাড়া প্রতিবেশী জাবাইকালস্কি অঞ্চলেও বিধিনিষেধের খবর পাওয়া গেছে।

নিঝনি নভগোরোদ, আরখানগেলস্ক, পেনজা এবং ক্রাসনোয়ারস্ক অঞ্চলেও জ্বালানি বিক্রির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর আগে গ্রীষ্মকালে ইউক্রেনের ড্রোন হামলার ঢেউয়ের সময় রাশিয়ার অনেক অঞ্চলে একই ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, সেই সময়ে জ্বালানির সর্বোচ্চ চাহিদার মৌসুমের সাথে মিলে গিয়েছিল। সেই ঘাটতির কারণে কর্তৃপক্ষ পেট্রোল রপ্তানির ওপর পুনরায় বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হয়েছিল এবং জুলাই মাসে তারা ডিজেল রপ্তানির ওপরও সীমাবদ্ধতা জারি করেছিল।

সূত্র: রয়টার্স।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..