✕


অসীম কুমার উকিল ও স্ত্রী অপুর বিরুদ্ধে দুদকের মামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৯, | ১৮:৩২:১৬ |

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অপু উকিলের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান।

দুদকের এজাহার অনুযায়ী, অসীম কুমার উকিলের বিরুদ্ধে ২ কোটি ৩২ লাখ ৪১ হাজার ৩২৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে ৫৬ লাখ ১৯ হাজার ৪৩৭ টাকার সম্পদের তথ্য গোপন বা মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, অপু উকিলের বিরুদ্ধে ৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৩৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের পাশাপাশি স্বামীর সঙ্গে যোগসাজশে ১ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।

দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদনের পর গত ১৯ অক্টোবর কমিশনের সহকারী পরিচালক মো. রাসেল রনি মামলা দু’টির এজাহার দায়ের করেন।

এজাহারে বলা হয়, অসীম কুমার উকিল তার সম্পদ বিবরণীতে ৭ কোটি ২০ লাখ ৩৫ হাজার ৩৩৩ টাকা ৬৭ পয়সার সম্পদের তথ্য দেন। তবে যাচাইয়ে তার নামে ৭ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার ৭৭০ টাকা ৬৭ পয়সার সম্পদ পাওয়া যায়। তার গ্রহণযোগ্য আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর সম্পদ অর্জনের বৈধ উৎস দাঁড়ায় ৫ কোটি ৪৪ লাখ ১৩ হাজার ৪৪৮ টাকা। ফলে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ ২ কোটি ৩২ লাখ ৪১ হাজার ৩২৩ টাকা।

অন্যদিকে, অপু উকিলের গ্রহণযোগ্য আয় ৪ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৯৪৬ টাকা এবং ব্যয় ৫ কোটি ৬৬ লাখ ৭ হাজার ৮৩১ টাকা। দুদকের হিসাবে, তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ ৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৩৮১ টাকা।

এজাহারে আরও বলা হয়, অপু উকিল ২০১৬-১৭ থেকে ২০২০-২১ করবর্ষে চার দফায় স্বামী অসীম কুমার উকিলকে মোট ১ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা দেন। দুদকের অভিযোগ, আয়ের গ্রহণযোগ্য উৎস না থাকা সত্ত্বেও তিনি এসব অর্থ স্বামীর কাছে স্থানান্তর করেন। অসীম কুমার উকিলও তার আয়কর নথিতে স্ত্রীর কাছ থেকে ওই অর্থ পাওয়ার তথ্য উল্লেখ করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..