✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০৯, | ১৮:৩১:৩৪ |পাকিস্তানের শাসকগোষ্ঠী দেশের অভ্যন্তরীণ সংকট সমাধানের পরিবর্তে বিদেশ সফর, কূটনৈতিক যোগাযোগ ও আন্তর্জাতিক অঙ্গনে তৎপরতাকে বেশি গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে, দেশটির গণমাধ্যমেও পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক ঘটনাবলি নিয়ে আলোচনা বেশি হলেও দারিদ্র্য, ক্ষুধা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক সমস্যাগুলো যথাযথ গুরুত্ব পাচ্ছে না। অথচ এসব সমস্যাই পাকিস্তানের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন-এ প্রকাশিত এক নিবন্ধে এ পর্যবেক্ষণ তুলে ধরেছেন দেশটির সাবেক রাষ্ট্রদূত মালিহা লোদি।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাতিসংঘে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত লেখাটিতে বলেছেন, বিদেশি যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে শাসকগোষ্ঠী ভূরাজনৈতিক সুবিধা ও অর্থনৈতিক সহায়তা পাওয়ার চেষ্টা করছে। এতে দেশের কাঠামোগত অর্থনৈতিক সমস্যার সমাধানে প্রয়োজনীয় সংস্কার এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
নিবন্ধে বলা হয়েছে, যেসব সরকার দুর্বল বা বিতর্কিত নির্বাচনী বৈধতার ওপর নির্ভরশীল, তারা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ গ্রহণযোগ্যতার ঘাটতি পূরণের চেষ্টা করে। বিদেশ সফর এবং বিশ্বনেতাদের সঙ্গে ছবি তোলাকে তারা রাজনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরতে বেশি আগ্রহী। ফলে মন্ত্রীদের অনেকেই দেশের চেয়ে বিদেশে বেশি সময় কাটাচ্ছেন। প্রধানমন্ত্রীরাও আগের মেয়াদের তুলনায় বেশি বিদেশ সফর করছেন।
লেখকের মতে, দারিদ্র্য, ক্ষুধা, শিক্ষার অভাব, স্বাস্থ্যসেবার সংকট ও অপুষ্টির মতো সমস্যা ক্ষমতাসীন অভিজাত শ্রেণিকে সরাসরি প্রভাবিত করে না। এ কারণে এসব সংকট সমাধানে তাদের তেমন তাগিদ দেখা যায় না। অথচ পাকিস্তানের ভবিষ্যৎ নির্ধারণে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নিবন্ধে পাকিস্তানের গণমাধ্যমের ভূমিকা নিয়েও সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে, দেশটির টেলিভিশন চ্যানেলগুলো মূলত সরকারের কর্মকাণ্ড অনুসরণ করে সংবাদ ও আলোচনা প্রচার করছে।
বিদেশ সফর ও আন্তর্জাতিক ঘটনা নিয়ে আলোচনা করা তুলনামূলক সহজ হলেও দেশের জটিল আর্থসামাজিক সমস্যা নিয়ে অনুসন্ধান ও গভীর বিশ্লেষণের প্রবণতা কম। সরকার ও বিরোধী দলের রাজনৈতিক বিরোধ গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেলেও অর্থনৈতিক ও সামাজিক সংকট নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো নিয়ে আলোচনা খুব অল্প সময় স্থায়ী হয়।
নিবন্ধে বিশ্বব্যাংকের তথ্য তুলে ধরে বলা হয়েছে, পাকিস্তানে জাতীয় দারিদ্র্যের হার ২০১৮-১৯ অর্থবছরের ২২ শতাংশ থেকে বেড়ে ২০২৪-২৫ অর্থবছরে ২৯ শতাংশে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, আফগানিস্তান ও পাকিস্তান নিয়ে গঠিত মেনাপ অঞ্চলের ২৩টি দেশের দরিদ্র মানুষের প্রায় অর্ধেকই পাকিস্তানের।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) হিসাব অনুযায়ী, পাকিস্তানের ৩৮ দশমিক ৩ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য ও জীবনযাত্রার মানের বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার ভিত্তিতে এ হিসাব করা হয়েছে।
লেখকের প্রশ্ন হলো, দারিদ্র্য বাড়তে থাকলেও সরকার তা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না কেন? অর্থনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচিকে সরকারের সীমাবদ্ধতার কারণ হিসেবে দেখানো হলেও দারিদ্র্য কমাতে সরকারের হাতে অনেক সুযোগ রয়েছে। রাজস্ব আয় বাড়ানো, কর ফাঁকি বন্ধ, সম্পদের যথাযথ ব্যবহার এবং বিদ্যুৎ চুরি বন্ধের মতো উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আইএমএফ কোনো বাধা তৈরি করে না।
পাকিস্তানে খাদ্যনিরাপত্তাহীনতাও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক মানবিক সংস্থা অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গারের তথ্য অনুযায়ী, বিশ্বের যে ১০টি দেশে লাখ লাখ মানুষ তীব্র ক্ষুধার মুখে রয়েছে, পাকিস্তান তার একটি। ‘নো সিকিউরিটি উইদাউট ফুড সিকিউরিটি’ শীর্ষক আরেকটি প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানকে ক্ষুধার সবচেয়ে বেশি প্রভাবিত দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে।
অর্থনৈতিক অস্থিতিশীলতা, মূল্যস্ফীতি ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত দেশটির খাদ্যনিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলছে। এর প্রভাব পড়ছে শিশুদের পুষ্টিতেও। পাকিস্তানে পাঁচ বছরের কম বয়সী প্রায় ৪০ শতাংশ শিশু খর্বকায়। অপুষ্টির কারণে এসব শিশু শারীরিক ও মানসিক বিকাশে বাধার মুখে পড়ছে এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদি বঞ্চনার ঝুঁকিতে রয়েছে।
নিবন্ধে পাকিস্তানের শিক্ষা পরিস্থিতিকে জাতীয় সংকট হিসেবে উল্লেখ করা হয়েছে। দেশটিতে পাঁচ থেকে ১৬ বছর বয়সী প্রায় আড়াই কোটি শিশু বিদ্যালয়ের বাইরে রয়েছে। বিদ্যালয়বহির্ভূত শিশুর সংখ্যার দিক থেকে বিশ্বে পাকিস্তানের অবস্থান দ্বিতীয়। এসব শিশুর অর্ধেকের বেশি মেয়ে।
দেশটির ৩৭ শতাংশ মানুষ এখনো নিরক্ষর। লেখকের মতে, এত বিপুলসংখ্যক মানুষ নিরক্ষর রেখে কোনো দেশের পক্ষে টেকসই অর্থনৈতিক অগ্রগতি অর্জন সম্ভব নয়।
পাকিস্তানের জনসংখ্যার দুই-তৃতীয়াংশের বেশি মানুষের বয়স ৩০ বছরের নিচে। এই তরুণ জনগোষ্ঠীই দেশটির ভবিষ্যৎ নির্ধারণ করবে। কিন্তু শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ না থাকায় তাদের বড় একটি অংশ অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়ছে।
গ্যালাপের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পাকিস্তানে ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের ৩৭ শতাংশ শিক্ষা, কর্মসংস্থান কিংবা প্রশিক্ষণের সঙ্গে যুক্ত নয়। নারীদের ক্ষেত্রে এ হার ৬২ শতাংশ। অর্থাৎ দেশটির বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠী উৎপাদনশীল কর্মকাণ্ডের বাইরে রয়েছে।
নিবন্ধে বলা হয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সরকারের উদাসীনতায় শিক্ষা, স্বাস্থ্য ও মানব উন্নয়ন খাতের পরিস্থিতির অবনতি হচ্ছে। দেশের অধিকাংশ মানুষের জীবনযাত্রার মানের উন্নতি না হলে বিদেশি যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতা দিয়ে প্রকৃত অর্থে কোনো সুফল পাওয়া যাবে না।
লেখকের মতে, বিদেশ সফরের চাকচিক্য দিয়ে দেশের মানুষের দারিদ্র্য, ক্ষুধা ও সামাজিক বঞ্চনার বাস্তবতা আড়াল করা সম্ভব নয়। পাকিস্তানের শাসকগোষ্ঠী ও গণমাধ্যমের উচিত বিদেশের ঘটনাবলির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ সংকটকে অগ্রাধিকার দেওয়া। কারণ, পাকিস্তানের ভবিষ্যৎ নির্ধারিত হবে দেশের ভেতরেই, বিদেশে নয়।
লেখক : যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাতিসংঘে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত।
তথ্যসূত্র : দ্য ডন