✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০৯, | ১৩:৩৭:৩৯ |নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নিশ অয়েলবাহী ট্যাংক লরির ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মো. রাতুল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. ফারুক (৪২) নামে আরও একজন গুরুতর অসুস্থ হয়েছেন।
রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। মৃত রাতুল ধনুকুন্ডা সাউদ বাড়ি এলাকার কুদ্দুস আলীর ছেলে। তিনি ওই ট্যাংক লরির হেলপার হিসেবে কর্মরত ছিলেন। আহত ফারুক ফার্নিশ অয়েল হাউজের ম্যানেজার বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২ নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এক ব্যক্তির মালিকানাধীন ফার্নিশ অয়েল হাউজের সামনে একটি ট্যাংক লরি রাখা ছিল। রাতুল লরির ট্যাংক পরীক্ষা করতে ভেতরে প্রবেশ করেন। এসময় ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধারের জন্য ম্যানেজার ফারুক ট্যাংকের ভেতরে প্রবেশ করলে তিনিও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে যান।
পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ ফারুককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।