✕


ঠাকুরগাঁওয়ে বাড়ছে শিশু রোগী, চাপ সামলাতে হিমশিম হাসপাতাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৯, | ১৩:৩১:৫৪ |

একই দিনে দুই রকম আবহাওয়া। দিনের বেলায় গরমে অতিষ্ঠ হতে হচ্ছে, আবার সন্ধ্যার পর থেকেই অনুভূত হচ্ছে ঠান্ডা। রাত ও ভোরে বাড়ছে শীতের অনুভূতি। ঠাকুরগাঁওয়ে আবহাওয়ার এমন পালাবদলে শিশুদের অসুস্থতা নিয়ে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যে। জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের নিয়ে প্রতিদিনই হাসপাতালে ছুটছেন তারা।  

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে রবিবার (৮ নভেম্বর) ভর্তি ছিল ২১৮ শিশু। অথচ ওয়ার্ডটির শয্যাসংখ্যা মাত্র ৪৫। অর্থাৎ ধারণক্ষমতার প্রায় পাঁচ গুণ বেশি রোগী নিয়ে চলছে চিকিৎসাসেবা। অতিরিক্ত রোগীর চাপে শয্যা ছাড়িয়ে মেঝে ও বারান্দায়ও রাখতে হচ্ছে শিশুদের। সেখানেও জায়গা না হওয়ায় হাসপাতালের মূল ফটকের সামনের গাছতলায় বিছানা পেতে অবস্থান করছেন কয়েকটি পরিবারের সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, গাছের নিচে বিছানা পেতে শুয়ে আছে অসুস্থ শিশুরা। কারও হাতে স্যালাইন, কারও শরীরে ক্যানুলা। পাশে বসে সন্তানকে বাতাস করছেন মা, কেউ আবার চিকিৎসক বা ওষুধের অপেক্ষায় রয়েছেন। হাসপাতালের ভেতরে অতিরিক্ত ভিড় ও গরমের কারণে অনেক অভিভাবক শিশুকে বাইরে খোলা বাতাসে রাখছেন। প্রয়োজনীয় চিকিৎসার সময় শুধু ভেতরে নিয়ে যাচ্ছেন।

সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের সখিনা বেগম তার মেয়ে সাইমাকে নিয়ে হাসপাতালে এসেছেন। ওয়ার্ডে কোনো শয্যা না পেয়ে হাসপাতালের সামনের গাছতলায় বিছানা পেতে মেয়ের চিকিৎসা করাচ্ছেন তিনি।

বেগুনবাড়ি এলাকার কৃষক আবু বক্কর তার নাতি মিরাজকে নিয়ে হাসপাতালে এসেছেন। তিনি বলেন, ওয়ার্ডে রোগীর চাপ এত বেশি যে স্বাভাবিকভাবে থাকার জায়গা পাওয়া যাচ্ছে না। শয্যা না পেয়ে মেঝে ও বারান্দায় থাকতে হচ্ছে। এর মধ্যে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীও বাইরে থেকে কিনতে হচ্ছে।

শিশু ওয়ার্ডে রোগীর চাপ বাড়ার সঙ্গে চিকিৎসা ব্যয় নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন অভিভাবকেরা। তাদের অভিযোগ, হাসপাতালে ভর্তি হওয়ার পরও ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় সব ওষুধ পাওয়া যাচ্ছে না। স্যালাইন সেট, ক্যানুলা, সিরিঞ্জ ও মেডিকেল টেপসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রীও বাইরে থেকে কিনতে হচ্ছে।

শুধু চিকিৎসা ব্যয় নয়, হাসপাতালের পরিবেশ নিয়েও রয়েছে অসন্তোষ। অতিরিক্ত রোগী ও স্বজনদের চাপে শৌচাগার ব্যবহার করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে। কয়েকটি শৌচাগার অপরিচ্ছন্ন ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ রয়েছে।

রয়েছে বিশুদ্ধ পানির সংকটও। ফলে অসুস্থ শিশুর পরিচর্যার পাশাপাশি পানি ও শৌচাগারের ব্যবস্থাপনা নিয়েও বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে অভিভাবকদের। 

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার মো. সাজ্জাদ হায়দার শাহীন বলেন, শিশু ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই শ্বাসকষ্ট, জ্বর, সর্দি-কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত। শুধু ঠাকুরগাঁও নয় পঞ্চগড় এবং দিনাজপুর থেকেও এখানে রোগী আসে তাই চাপ একটু বেশি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে অতিরিক্ত রোগী থাকায় কিছু মেডিসিন বাইরে থেকে কিনতে হচ্ছে। 

হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল বলেন, ৪৫ শয্যার বিপরীতে কখনো ২৫০ জনের মতো শিশুও ভর্তি থাকে। শিশুদের সঙ্গে মা-বাবা ও স্বজনেরা থাকায় ওয়ার্ডে মানুষের চাপ আরও বেড়ে যায়। রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

ওষুধ ও চিকিৎসাসামগ্রী না পাওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট সুপারভাইজার ও হাসপাতালের স্টোরকে জানানো হবে। শৌচাগার ও পানির সমস্যা সমাধানে গণপূর্ত বিভাগ এবং জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিচ্ছন্নতার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মীদের বলা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..