✕


নওগাঁয় গৃহবধূর মরদেহ উদ্ধার, নির্যাতনের অভিযোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৯, | ১৩:২৩:৫৩ |

নওগাঁর বদলগাছীতে শাপলা রানী (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির আঙিনায় টিউবওয়েলের পাশে বাঁশের আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় তার সাত বছর বয়সি ছেলে। 

রবিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের হাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। স্বামীর নির্যাতনে শাপলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।

নিহত শাপলা রানী মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মৃত পবন পাহানের মেয়ে। তার স্বামী মিঠন পাহান (২৮) বদলগাছী উপজেলার হাপানিয়া গ্রামের মংলা পাহানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে মিঠন ও শাপলার বিয়ে হয়। তাদের সাত বছর বয়সি একটি ছেলে রয়েছে। শুরুতে দুজনই কাজ করে সংসার চালাতেন। তবে গত দেড় বছর ধরে মিঠন নেশায় আসক্ত হয়ে পড়েন বলে অভিযোগ স্থানীয়দের। তিনি নিজেও চোলাই মদ তৈরি করতেন। নেশায় জড়িয়ে কাজকর্ম ছেড়ে দেওয়ায় সংসারে আর্থিক সংকট দেখা দেয়। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনার দিন নেশা করার জন্য স্ত্রী শাপলার কাছে ১৫০ টাকা চান মিঠন। শাপলা টাকা দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে মিঠন স্ত্রীকে ঘরে ঢুকতে দেননি। পরে শাপলা বাড়ির বাইরে চলে যান।

দুপুর সোয়া ২টার দিকে তাদের ছেলে অন্তর মাকে বাড়ির আঙিনায় টিউবওয়েলের পাশে বাশের আড়ার সঙ্গে রশিতে ঝুলতে দেখে চিৎকার শুরু করে। এ সময় মিঠন ছুটে এসে রশি কেটে শাপলাকে নিচে নামান। পরে তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বিকেল ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে ও ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে এসে অভিযোগ করেন, শাপলাকে তার স্বামী নির্যাতন করতেন। সেই নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে বলে দাবি তাদের।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..