✕


কে হচ্ছেন নতুন জেমস বন্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৯, | ১৩:১৮:১২ |

কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড- এ প্রশ্নের উত্তর মিলতে পারে চলতি মাসেই। নতুন জেমস বন্ড বা ‘০০৭’ চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত অডিশন দিয়েছেন পাঁচ ব্রিটিশ অভিনেতা। তাদের মধ্যে রয়েছেন ব্যাটম্যান তারকা রবার্ট প্যাটিনসন ও সুপারম্যান তারকা নিকোলাস হল্ট। এছাড়া তালিকায় আছেন ক্যালাম টার্নার, জশ ও’কনর ও জ্যাক লোডেন। ডেডলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ড্যানিয়েল ক্রেগের দীর্ঘ ১৫ বছরের বন্ড-অধ্যায় শেষ হওয়ার পর নতুন অভিনেতা নির্বাচনের ক্ষেত্রে বেশ সতর্ক নির্মাতারা। চূড়ান্ত তালিকায় থাকা প্যাটিনসন ও হল্ট দুজনেরই বড় ফ্র্যাঞ্চাইজিতে কাজের অভিজ্ঞতা রয়েছে। রবার্ট প্যাটিনসন ডিসি স্টুডিওর ‘ব্যাটম্যান’ চরিত্রে অভিনয়ের পাশাপাশি ‘টোয়াইলাইট’ ও ‘হ্যারি পটার’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে কাজ করেছেন। অন্যদিকে নিকোলাস হল্ট ডিসির ‘সুপারম্যান’ সিনেমায় লেক্স লুথর চরিত্রে অভিনয় করছেন। এ ছাড়া তাকে দেখা গেছে ‘এক্স-মেন’ প্রিক্যুয়েল ট্রিলজিতে।

তবে প্যাটিনসনের ক্ষেত্রে বাড়তি সুবিধা হিসেবে দেখা হচ্ছে পরিচালক ডেনিস ভিলন্যুভের সঙ্গে তার কাজের অভিজ্ঞতাকে। ভিলন্যুভের আসন্ন সিনেমা ‘ডিউন : পার্ট থ্রি’তেও অভিনয় করছেন তিনি। ফলে নতুন জেমস বন্ড হওয়ার দৌড়ে প্যাটিনসন এগিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্যাটিনসন ও হল্ট ছাড়াও নতুন বন্ড হওয়ার দৌড়ে আলোচনায় রয়েছেন আরও কয়েকজন অভিনেতা। সংবাদমাধ্যম ভ্যারাইটির তথ্যমতে, পপ তারকা হ্যারি স্টাইলসের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া থিও জেমসের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..