✕


নিউজিল্যান্ড সিরিজে বাদ লাবুশেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-০৯, | ১৩:১৬:২৩ |

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে চার টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া দলে বিবেচিত হবেন না মার্নাস লাবুশেন। অস্ট্রেলিয়ার নির্বাচকপ্রধান জর্জ বেইলি সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

লাবুশেনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আগেভাগেই জানিয়ে দেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন বেইলি। তার মতে, দল নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর করে লাবুশেনকে কুইন্সল্যান্ডের অধিনায়ক হিসেবে শেফিল্ড শিল্ডে মনোযোগ দেওয়ার সুযোগ করে দিতেই এই ঘোষণা।

বুধবার থেকে শুরু হচ্ছে শেফিল্ড শিল্ডের চতুর্থ রাউন্ড। এই পর্ব শেষ হওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল নির্বাচন করবেন নির্বাচকেরা।

সাংবাদিকদের বেইলি বলেন, 'প্রথম টেস্ট তো বটেই, নিউজিল্যান্ড সিরিজের জন্যও আমরা মার্নাসকে বিবেচনা করছি না। বিষয়টি আজই পরিষ্কার করে দিতে চেয়েছি। কারণ, দলে তার জায়গা নিয়ে অনেক আলোচনা ও জল্পনা চলছে।'

তিনি আরও বলেন, 'এতে শেফিল্ড শিল্ডের পরবর্তী রাউন্ডে খেলার সময় সে কিছুটা স্বস্তি পাবে এবং দল নির্বাচন নিয়ে অনিশ্চয়তাও দূর হবে। চতুর্থ রাউন্ড শেষ হওয়ার পর বাকি দল ঘোষণা করব আমরা।'

গত মৌসুমের অ্যাশেজ দিয়ে টেস্ট দলে ফেরার পর থেকে লাবুশেনের পারফরম্যান্স আশানুরূপ নয়। ১০ টেস্টে তার ব্যাটিং গড় মাত্র ২৩.৬৬। ১৬ ইনিংসে পেয়েছেন মাত্র একটি অর্ধশতক। তার সর্বশেষ টেস্ট সেঞ্চুরি এসেছিল ২০২৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে।

তবে আগামী বছর ভারত ও ইংল্যান্ড সফরের জন্য দলে ফেরার সুযোগ এখনো রয়েছে বলে জানিয়েছেন বেইলি।

তিনি বলেন, 'অবশ্যই সেই সম্ভাবনা রয়েছে। নিজের সেরা সময়ে মার্নাস কতটা ভালো এবং কার্যকর খেলোয়াড়, তা আমরা সবাই জানি। কিন্তু সাম্প্রতিক সময়ে সে সেই মানের পারফরম্যান্স দেখাতে পারেনি। ডারউইনে বাংলাদেশের বিপক্ষে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ভালো শুরুর পর বড় ইনিংস খেলতে পারেনি। বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছে সে।'

বেইলি আরও বলেন, 'আমরা কখনোই কাউকে স্থায়ীভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিই না, যাতে ভবিষ্যতে আর কখনো তাকে দলে নেওয়া হবে না। এ ক্ষেত্রেও বিষয়টি আলাদা নয়।'

তবে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে আবার জাতীয় দলে জায়গা করে নেওয়ার বিষয়টি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বলে স্বীকার করেছেন নির্বাচকপ্রধান।

২০২৫ সালে টেস্ট দল থেকে বাদ পড়ার পর কুইন্সল্যান্ডের হয়ে দুই সংস্করণ মিলিয়ে ১০টি ঘরোয়া ইনিংসে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন লাবুশেন। সেই পারফরম্যান্সের সুবাদেই অ্যাশেজের আগে দলে ফিরেছিলেন তিনি। কিন্তু টেস্টে ফিরে আর ঘরোয়া ক্রিকেটের মতো ধারাবাহিকতা দেখাতে পারেননি।

বেইলি বলেন, 'প্রথম শ্রেণির ক্রিকেটে সে সব সময়ই অসাধারণ পারফরমার। এবারও তেমনটাই হবে বলে আশা করি। তাকে বিশেষ কোনো বার্তা দিয়ে ফেরত পাঠানো হচ্ছে না। কুইন্সল্যান্ডের হয়ে কিছুদিন নিজের সেরাটা দিয়ে খেলাই তার মূল লক্ষ্য হওয়া উচিত।'

নিউজিল্যান্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়ার সম্ভাব্য ১৪ সদস্যের দল প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন বেইলি। তবে শেফিল্ড শিল্ডের পরবর্তী রাউন্ডে কয়েকজন ক্রিকেটারের পারফরম্যান্স নির্বাচকদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

তিনি বলেন, 'দল কেমন হতে পারে, সে বিষয়ে আমাদের কিছু ধারণা রয়েছে। তবে সামনে ক্রিকেটারদের জন্য ভালো সুযোগ অপেক্ষা করছে। যদিও একটি ম্যাচকে ব্যাটিং বা বোলিংয়ে জায়গা পাওয়ার চূড়ান্ত লড়াই হিসেবে দেখতে চাই না। তবু এই রাউন্ডের পারফরম্যান্স নির্বাচনে কিছুটা প্রভাব ফেলতে পারে।'

নিউজিল্যান্ড সিরিজের আগে শেফিল্ড শিল্ডের পরবর্তী দুই রাউন্ডে কোন ক্রিকেটাররা খেলতে পারবেন, সেটিও জানানো হয়েছে।

ঘাড়ের চোট থেকে পুরোপুরি সুস্থ হওয়ার ছাড়পত্র পেলে ২২ নভেম্বর থেকে কুইন্সল্যান্ডের বিপক্ষে খেলতে পারেন স্টিভ স্মিথ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে এই চোটের কারণেই মাঠের বাইরে চলে যেতে হয়েছিল তাকে।

ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের পর বিশ্রাম দেওয়ায় ট্রাভিস হেড ও ম্যাট রেনশ নিউজিল্যান্ড সিরিজের আগে শেফিল্ড শিল্ডে খেলার সুযোগ পাবেন না। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডও থাকছেন না।

তবে চতুর্থ রাউন্ড থেকেই খেলতে পারবেন মাইকেল নেসার, ম্যাট কুনেম্যান, বিউ ওয়েবস্টার ও নাথান লায়ন।

অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়ায় পঞ্চম রাউন্ডে খেলার কথা অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, ক্যামেরন গ্রিন ও জশ ইংলিসের। ওই রাউন্ডে স্টিভ স্মিথেরও খেলার কথা রয়েছে। তবে স্কট বোলান্ডের খেলার বিষয়টি এখনো নিশ্চিত হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..