✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০৯, | ১৩:১৩:১২ |উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। দিনের বেলা রোদের কারণে গরম আবহাওয়া বিরাজ করলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাহাড়ি হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। সেই সঙ্গে ভোরের দিকে হালকা কুয়াশায় ঢাকা পড়ছে চারপাশ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এদিন সকাল ৬টা ও সকাল ৯টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এর আগে রোববার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং একই দিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিনে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় আজ সকালের দিকে কুয়াশার পরিমাণ কিছুটা কম থাকলেও উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে যাওয়া পাহাড়ি হিম বাতাসের তীব্রতা ছিল বেশ ভালোই।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত শীতের আমেজ বাড়তে থাকে। এখন রাতে কম্বল বা কাঁথা ছাড়া ঘুমানো কঠিন হয়ে পড়েছে। একইভাবে সকালে কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময়ও গরম কাপড় পরতে হচ্ছে।
তালমা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আলামিন বলেন, সন্ধ্যা নামার পর থেকেই ঠান্ডা পড়তে শুরু করে। রাতে কাঁথা বা কম্বল ছাড়া ঘুমানো যায় না। সকালে ভারী কাপড় ছাড়া বের হওয়া মুশকিল।
রিকশাচালক আনিছুর ও মোটরসাইকেল চালক আজম ইসলাম জানান, রাত ও সকালে ঠান্ডা বাতাসে জ্যাকেট বা গরম কাপড় পরে রাস্তায় নামতে হচ্ছে। গাড়ি চালানোর সময় হিমেল বাতাসের কারণে বেশ শীত অনুভূত হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে। সোমবার সকাল ৬টা ও ৯টায় ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমের সর্বনিম্ন। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ। সামনের দিনগুলোতে পর্যায়ক্রমে দিন ও রাতের তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়তে শুরু করবে।