✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০২, | ১৪:৪৩:৪৩ |পাকিস্তানের সাবেক তারকা বোলার মোহাম্মদ আমির আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফটের আগে নিজের নাম নিবন্ধন করেছেন। আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) দুবাইয়ে টুর্নামেন্টের ড্রাফট অনুষ্ঠিত হবে। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার ক্রিকেটার বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছেন এবং ব্রিটিশ নাগরিকত্ব অর্জন করেছেন। তবে ড্রাফটের তালিকায় তাকে যুক্তরাজ্যের বাসিন্দা হিসেবে এবং পাকিস্তানের নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে। তাকে ‘প্ল্যাটিনাম’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।
ভারতের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার বিজয় শঙ্কর এবং কেএস ভরত তারাও এই ড্রাফটের জন্য নাম নিবন্ধন করেছেন। অনেকের ধারণা, আমির ইংল্যান্ড থেকে আসন্ন আইপিএল নিলামের জন্যও নাম নিবন্ধন করবেন। অতীতে এমন নজির রয়েছে| পাকিস্তানের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার আজহার মাহমুদ ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন।
কোনো ফ্র্যাঞ্চাইজি আমিরের প্রতি আগ্রহ দেখাবে কি না, তা ১৬ ডিসেম্বর গোয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের মিনি-নিলামেই জানা যাবে। ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে এবং ৬২টি টি-টোয়েন্টি খেলা আমির সর্বশেষ ২০২৪ সালের জুন মাসে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ফ্লোরিডার লডারহিলে আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের হয়ে খেলেছিলেন।
বিজয়, আয়ান খান এবং মুরুগান অশ্বিন ভারতীয় হিসেবে নিবন্ধিত হয়েছেন, আর ভরতকে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ভারতীয় খেলোয়াড় হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বিজয়, মুরুগান ও ভরতকে ড্রাফটের ‘গোল্ড’ ক্যাটাগরিতে রাখা হয়েছে; এই ড্রাফটের জন্য মোট ৪৬২ জন খেলোয়াড়কে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়েছে।
টুর্নামেন্টটির জন্য প্রায় ১,৫০০ জন আফগান ও বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছিলেন, তবে যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে আয়োজকরা ৪৬২ জন খেলোয়াড়কে সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। নির্বাচিত খেলোয়াড়দের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে— প্ল্যাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার এবং ইমার্জিং। ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দলের প্রয়োজন অনুযায়ী খেলোয়াড়দের বেছে নেবে।
এপিএল-এর পাঁচটি ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বে থাকছেন রশিদ খান ও ইব্রাহিম জাদরান। এপিএল-এ বলখ, কাবুল, কান্দাহার, নানগারহার ও পাকতিয়া এই পাঁচটি অঞ্চলের প্রতিনিধিত্বকারী ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। আয়োজকরা সম্প্রতি ‘ক্যাপ্টেনস ড্রাফট’ সম্পন্ন করেছেন, যার মাধ্যমে ২০২৬ সালের ডিসেম্বরে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের উদ্বোধনী আসরের জন্য দলনেতাদের নাম নিশ্চিত করা হয়েছে।
তারকা লেগ-স্পিনার রশিদ খান কান্দাহারের অধিনায়কত্ব করবেন, আর ওপেনার ইব্রাহিম জাদরান নেতৃত্ব দেবেন বলখ দলের। অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাইকে কাবুলের অধিনায়ক করা হয়েছে, পাকতিয়ার নেতৃত্বে থাকবেন রহমত শাহ এবং নানগারহার দলের দায়িত্ব সামলাবেন উইকেটরক্ষক-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ।