✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০২, | ১৪:৪২:০৮ |মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার বেলা ১১টা ২৫ মিনিটের দিকে উপজেলার নিমতলা হাওলাদার ফিলিং স্টেশনের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি এভারেস্ট পরিবহনের। এটি মাওয়া থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অজ্ঞাতনামা একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং কয়েকজন যাত্রী আহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।