✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-০২, | ১৪:৩৭:০০ |লাহোরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ধীরগতির ওভার-রেট বজায় রাখার দায়ে পাকিস্তানকে তাদের ম্যাচ ফি-এর পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির এলিট প্যানেল অব ম্যাচ রেফারিদের সদস্য জেফ ক্রো এই শাস্তির আদেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ওভার সম্পন্ন করতে না পারায় (সময় ছাড় দেওয়ার পরও) স্বাগতিকদের জরিমানার আওতায় আনা হয়।
মাঠের আম্পায়ার আহসান রাজা ও ওয়েইন নাইটস, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার রশিদ রিয়াজ এই অভিযোগটি আনেন।
আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল যতগুলো ওভার কম বল করে, তার প্রতিটির জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি-এর পাঁচ শতাংশ জরিমানা করা হয়। পাকিস্তানের অধিনায়ক শাহিন আফ্রিদি ধীরগতির ওভার-রেটের অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং আরোপিত শাস্তি মেনে নিয়েছেন, যার ফলে আনুষ্ঠানিক শুনানির আর প্রয়োজন পড়েনি।
ফাইনালে শ্রীলঙ্কার দেওয়া ৩২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে যৌথভাবে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড করেছে পাকিস্তান।