✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-০৯, | ১২:২৯:১৬ |ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানে ইসরায়েলি বাহিনী সশস্ত্র সংঘাতের নীতি ও আন্তর্জাতিক মানবিক আইন মারাত্মকভাবে লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্রেটিক সিনেটর জন অসফ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক নির্বাচনী বিতর্কে অংশ নিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য থেকে পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সিনেটর অসফ।
বিতর্কে বক্তব্য দেওয়ার সময় সিনেটর অসফ বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর পদক্ষেপগুলো গণহত্যা হিসেবে গণ্য হয় কি না, তা মূলত ‘আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) খতিয়ে দেখার ও বিচারের বিষয়।’
বক্তব্যের একপর্যায়ে তিনি তাঁর মূল প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রতিনিধি মাইক কলিন্সকে কড়া সমালোচনায় বিদ্ধ করেন। আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ এবং আন্তর্জাতিক এই আদালতের তহবিল বা অর্থায়ন বন্ধে সমর্থন দেওয়ায় কলিন্সের তীব্র বিরোধিতা করেন এই ডেমোক্রেটিক নেতা।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর দফায় দফায় প্রাণঘাতী হামলায় এ পর্যন্ত অন্তত ৭৪ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের বড় অংশই নারী ও শিশু। বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ সত্ত্বেও বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধ না হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র নিন্দার মুখে পড়েছে ইসরায়েল।
সূত্র: আল-জাজিরা