✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-০৩, | ১৯:৪৪:৩৫ |একদিকে ব্যাট হাতে দুর্দান্ত ধারাবাহিকতা, অন্যদিকে বল হাতে ম্যাচ জেতানো পারফরম্যান্স- আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে তারই পুরস্কার পেলেন ডেওয়াল্ড ব্রেভিস ও অলি রবিনসন। নামিবিয়ায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন ব্রেভিস। আর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করে তিন বছর পর আবারও টেস্ট বোলারদের শীর্ষ পাঁচে ফিরেছেন ইংলিশ পেসার রবিনসন।
পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ বুধবার প্রকাশ করেছে আইসিসি। নামিবিয়ার বিপক্ষে ৭৫ রানের ইনিংস দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিলেন ব্রেভিস। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচে করেন অপরাজিত ৭৫ ও ৪১ রান। ধারাবাহিক এই পারফরম্যান্সে ছয় ধাপ এগিয়ে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার এই তরুণ। এর আগে তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং ছিল অষ্টম।
টি-টোয়েন্টিতে অবশ্য আর বড় কোনো পরিবর্তন নেই। ব্যাটসম্যানদের তালিকায় আগের মতোই শীর্ষে ভারতের ইশান কিষান। বোলারদের মধ্যে এক নম্বর জায়গা ধরে রেখেছেন আফগানিস্তানের রাশিদ খান। অলরাউন্ডারদের শীর্ষেও কোনো পরিবর্তন নেই- জিম্বাবুয়ের সিকান্দার রাজাই আছেন সবার ওপরে।
পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে যেন নতুন করে নিজেকে জানান দিচ্ছেন অলি রবিনসন। সিরিজের প্রথম দুই টেস্টেই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ইংলিশ পেসার। সিরিজ শুরুর পর থেকে র্যাঙ্কিংয়ে তার উন্নতি হয়েছে মোট ২২ ধাপ। লর্ডসে পাকিস্তানকে ১৯৪ রানে হারানোর ম্যাচে দুই ইনিংসেই চারটি করে উইকেট নেন রবিনসন। এই পারফরম্যান্সে ছয় ধাপ এগিয়ে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে উঠেছেন তিনি।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে ক্যারিয়ার সেরা চতুর্থ স্থানে উঠেছিলেন রবিনসন। ওই বছরের জুলাইয়ের পর এবারই প্রথম শীর্ষ পাঁচে জায়গা পেলেন ডানহাতি এই পেসার। তার সতীর্থ জশ টাংও পেয়েছেন ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। লর্ডসে পাঁচ উইকেট নিয়ে চার ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন তিনি। পাকিস্তানের হয়ে দারুণ বোলিং করা মোহাম্মাদ আব্বাসও বড় লাফ দিয়েছেন। লর্ডস টেস্টে দ্বিতীয় ইনিংসে পাঁচটিসহ মোট নয় উইকেট নেওয়া এই পেসার ১০ ধাপ এগিয়ে যৌথভাবে ১৫তম স্থানে উঠে এসেছেন। একই অবস্থানে রয়েছেন বাংলাদেশের তাইজুল ইসলাম। পাকিস্তানের আরেক পেসার মোহাম্মাদ আলি ১১ ধাপ এগিয়ে ৮১ নম্বরে জায়গা করে নিয়েছেন।
ভারতের বিপক্ষে কলম্বো টেস্টে ভালো পারফরম্যান্স করে চার ধাপ এগিয়ে টেস্ট বোলারদের তালিকায় ১১ নম্বরে উঠেছেন শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো। একই সঙ্গে উন্নতি হয়েছে ভারতীয় স্পিনার মানাভ সুতার ও পেসার মোহাম্মাদ সিরাজেরও। টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অবশ্য ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। জাসপ্রিত বুমরাহ তিনে নেমে যাওয়ায় দুই নম্বরে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। লর্ডসে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলেও টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। জো রুট তিন নম্বরে নেমে যাওয়ায় দুইয়ে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।
কলম্বো টেস্টে ফলো-অনে পড়ার পরও শ্রীলঙ্কাকে অবিশ্বাস্য ড্র এনে দেওয়ার ম্যাচে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন সোনাল দিনুশা। দুই ইনিংসেই সেঞ্চুরি করা এই লঙ্কান ব্যাটসম্যান এক লাফে ২৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২৫তম স্থানে উঠেছেন। তার সতীর্থ কামিন্দু মেন্ডিসও দুই ধাপ এগিয়ে দশম স্থানে জায়গা করে নিয়েছেন। পাকিস্তানের সাউদ শাকিল ১৫ ধাপ এগিয়ে ১৮তম, ভারতের দেবদূত পাডিক্কাল পাঁচ ধাপ এগিয়ে ৫৪তম এবং ধ্রুভ জুরেল ১৮ ধাপ এগিয়ে ৬৫তম স্থানে উঠেছেন। সবচেয়ে বড় লাফ দিয়েছেন শ্রীলঙ্কার পাসিন্দু সুরিয়াবান্দারা। কলম্বো টেস্টের দুই ইনিংসেই আশির ঘর ছোঁয়া ইনিংস খেলে তিনি অবিশ্বাস্যভাবে ১৭০ ধাপ এগিয়ে ৭৪তম স্থানে উঠে এসেছেন। টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা।