উসাইন বোল্টের স্প্রিন্ট রেকর্ড ভেঙে দিল চীনের এক হিউম্যানয়েড রোবট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৩, | ০০:৪৬:৫৬ |

ট্র্যাক অ্যান্ড ফিল্ডে মানুষের গতির সীমা যেখানে থেমেছে, প্রযুক্তির ছোঁয়ায় সেখান থেকেই নতুন পথচলা শুরু হলো। জ্যামাইকার কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্টের বিশ্বরেকর্ড ভেঙে ১০০ মিটার স্প্রিন্টে এক অভাবনীয় কীর্তি গড়েছে চিনের তৈরি একটি রোবট।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে জানা যায়, স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ‘অনার’-এর তৈরি ‘লাইটনিং’ নামের হিউম্যানয়েড রোবটটি ১০০ মিটার পথ পাড়ি দিয়েছে মাত্র ৯.৩২ সেকেন্ডে। এর মধ্য দিয়ে ২০০৯ সালে বার্লিনে বোল্টের গড়া ৯.৫৮ সেকেন্ডের বিশ্বরেকর্ডটি পেছনে পড়ে গেল। বেইজিংয়ে শুরু হওয়া ‘দ্বিতীয় ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস’-এর প্রস্তুতি ট্রায়ালে রোবটটি প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১৪.৫ মিটার গতিতে ছোটে।

এর আগে গত এপ্রিলে ২১ কিলোমিটারের বেইজিং হাফ ম্যারাথনেও সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল লাইটনিং। দৌড়টি সে ৫০ মিনিট ২৬ সেকেন্ডে শেষ করে, যা সেরা মানব অ্যাথলেটদের গতির চেয়েও দ্রুত। ম্যারাথনের সময় ১৬৯ সেন্টিমিটার উচ্চতার এই রোবটের পায়ের দৈর্ঘ্য ছিল ৯৫ সেন্টিমিটার। গতি বাড়ানোর জন্য গবেষকরা এর পা আরও ১০ সেন্টিমিটার বাড়িয়ে ১.০৫ মিটার করেন। আর তাতেই তৈরি হয় নতুন এই ইতিহাস।

চীন বর্তমানে রোবট খাতকে একটি কৌশলগত উদীয়মান শিল্প হিসেবে গড়ে তুলছে। উৎপাদন, পণ্য সরবরাহ ও দৈনন্দিন সেবামূলক কাজে এদের ব্যবহার বাড়াতেই কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির এমন মেলবন্ধন ঘটাচ্ছে দেশটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..