জাপানি 'পাহাড়প্রেমী' বাবার কাণ্ডে হতবাক সবাই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৩, | ০০:৩১:১০ |

শিখর ছোঁয়ার উদগ্র বাসনায় নিজ সন্তানকেই বিপদের মুখে ঠেলে দেওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্খ ফুজি পাহাড়ে। ক্লান্তি দূর করার অজুহাতে সাত বছরের এক শিশুকে কুয়াশা ও বৃষ্টির মধ্যে দুই হাজার মিটারেরও বেশি উচ্চতায় একা ফেলে রেখে বড় ছেলেকে নিয়ে চূড়ার দিকে এগিয়ে গেছেন এক বাবা। এই দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য পরবর্তীতে ওই বাবাকে তীব্র ভর্ৎসনা ও সতর্ক করেছে জাপানি পুলিশ।

​সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফুজি পর্বতের ফুচিনোমিয়া রুটে দুই ছেলেকে নিয়ে হাইকিংয়ে বেরিয়েছিলেন ওই ৪৮ বছর বয়সী ব্যক্তি। পথিমধ্যে ছোট ছেলেটি অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়লে বাবা তাকে একটি বেঞ্চে বসিয়ে রাখেন এবং বলেন, এখানেই অপেক্ষা করো। এরপর বড় ছেলেকে সঙ্গে নিয়ে তিনি ওপরের দিকে নিজের হাইকিং চালিয়ে যান। কুয়াশাচ্ছন্ন ও বৃষ্টিমুখর আবহাওয়ায় ওই শিশুটির কাছে কেবল একটি কোমল পানীয় ও কিছু স্ন্যাকস ছিল। প্রায় আট ঘণ্টা ধরে চরম অনিশ্চয়তা ও আশঙ্কার মধ্যে কাটানোর পর পর্বত কুটিরের এক কর্মীর চোখে পড়ে শিশুটি। ষষ্ঠ স্টেশনের কাছে তাকে একা বসে থাকতে দেখে তিনি তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন।

​খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত সেখানে যান। শিশুটির বাবাকে সপ্তম ও অষ্টম স্টেশনের মধ্যবর্তী কোনো এক স্থান থেকে খুঁজে বের করেন তারা। শিশুটির অবস্থানস্থল থেকে প্রায় তিন ঘণ্টার হাঁটার দূরত্বে ছিলেন ওই বাবা। সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় পুলিশের একটি দল যখন ওই বাবার মুখোমুখি হয়, তখন দীর্ঘক্ষণ অপেক্ষা করে শিশুটি বেশ ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়েছিল। পুলিশ কর্মকর্তা তাকে কঠোর ভাষায় তিরস্কার করে জানান, একসঙ্গে পাহাড়ে ওঠা সম্ভব না হলেও এভাবে সন্তানকে অরক্ষিত অবস্থায় ফেলে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরে নিজের ভুল বুঝতে পেরে ওই বাবা তার এই অপরিপক্ব ও বেপরোয়া সিদ্ধান্তের জন্য ক্ষমা চান।

​উল্লেখ্য, ৩ হাজার ৭৭৬ মিটার উচ্চতার মাউন্ট ফুজি জাপানের অন্যতম পবিত্র ও জনপ্রিয় একটি পর্বত হলেও এর বিপজ্জনক আবহাওয়ার কারণে প্রায়ই বিভিন্ন বিপদের মুখোমুখি হন পর্যটকরা। গত জুলাই মাসেই এই পাহাড়ে উঠতে গিয়ে কোমর ও পিঠে চোট পেয়েছিলেন এক ৯৯ বছরের বৃদ্ধা। এছাড়া গত বছর এক বিশ্ববিদ্যালয় ছাত্র মোবাইল ফোন খুঁজতে গিয়ে চার দিনে দুবার উদ্ধারকারীদের দ্বারস্থ হয়েছিলেন। 

সূত্র: বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..