✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১৫, | ১৪:০৭:৩৪ |মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার ভেতর হাতবোমা বিস্ফোরণে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে ।
আজ শনিবার সকালে কালকিনি পৌরসভার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) রয়েছে। আহত অপর শিক্ষার্থীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় আসে শিক্ষার্থীরা। হঠাৎ ওই মাদ্রাসার ভেতর প্রবেশ করলে ইমন সরদারের (মাদ্রাসার ভেতর অবস্থিত) বসতঘরের সামনে হাতবোমা বিস্ফোরণ হয়। বোমার প্রকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। এতে আহত হয় মাদ্রাসার অন্তত পাঁচ শিক্ষার্থী। ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কালকিনি থানা পুলিশ। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আবিদা আক্তার নামে একজনকে ঢাকায় পাঠিয়েছেন চিকিৎসক।
ইমন সরদার বলেন, আমার ঘরের সামনে কীভাবে বোমা বিস্ফোরিত হলো, তা আমিই জানি না।
গোপালপুর দারুসসুন্নাহ মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান বলেন, হঠাৎ মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে।
কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন, মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিস্ফোরণের কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তদন্তের পর তা জানা যাবে।