✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-০৮, | ২১:৫৫:০৩ |চালকবিহীন গাড়ি প্রযুক্তির উন্নত যানবাহনের জন্য প্রথমবারের মতো বাধ্যতামূলক জাতীয় নিরাপত্তা মানদণ্ড উন্মোচন করেছে চীন।
আগামী বছর থেকে নতুন এই নীতিমালা কার্যকর হবে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
মঙ্গলবার (৪ আগস্ট) চীনের রাষ্ট্রীয় দৈনিক 'চায়না ডেইলি'-এর এক প্রতিবেদনে দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, 'ইন্টেলিজেন্ট কানেক্টেড ভেহিকল'-এর স্বয়ংক্রিয় ড্রাইভিং সিস্টেমের নিরাপত্তার জন্য প্রণীত এই নতুন নিয়মগুলো আগামী বছরের জুলাই মাস থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে।
নতুন এই নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী, লেভেল ৩ এবং লেভেল ৪ স্বয়ংচালিত প্রযুক্তি সাধারণ সড়কে নামানোর আগে গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলকভাবে 'এন্ড-টু-এন্ড' (আদ্যোপান্ত) নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে।
এছাড়া, যানবাহন নকশা , উন্নয়ন, উৎপাদন থেকে শুরু করে সড়ক ব্যবহারের পরবর্তী কার্যক্রমসহ গাড়ির সম্পূর্ণ জীবনচক্র জুড়ে একটি সুসংহত নিরাপত্তা ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে হবে কোম্পানিগুলোকে। চালকবিহীন ফিচার চালুর আগে ঝুঁকিপূর্ণ বিষয় পরিচালনা ব্যবস্থা, সিমুলেশন পরীক্ষা, বন্ধ ট্র্যাকে পরীক্ষা এবং বাস্তব সড়কে ট্রায়াল বা পরীক্ষা চালানোও বাধ্যবাধকতার আওতায় আনা হয়েছে।
বিশ্বের শীর্ষ গাড়ি প্রস্তুতকারক ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বয়ংচালিত গাড়ি টেস্ট ট্র্যাক থেকে সাধারণ যাতায়াতের উপযোগী করার যে প্রতিযোগিতা চলছে, বেইজিংয়ের এই পদক্ষেপ তা আরও গতি পাবে বলে মনে করা হচ্ছে।
২০২৫ সালেই চীন শর্তসাপেক্ষে দুটি লেভেল ৩ স্বয়ংচালিত গাড়ি মডেলকে বাজারজাতকরণের অনুমোদন দিয়েছিল, যা এই প্রযুক্তির বাণিজ্যিক প্রসারের প্রথম ধাপ ছিল। সেই নীতিমালায় গাড়ির সিস্টেমের মধ্যে ড্রাইভারের অবস্থা নজরদারির ফিচার রাখা বাধ্যতামূলক করা হয়েছিল, যাতে প্রয়োজন দেখা দিলে যেকোনো মুহূর্তে ড্রাইভার নিয়ন্ত্রণ নিতে পারেন।
এছাড়া ইউজার ম্যানুয়াল, ওয়েবসাইট এবং গাড়ির ডিসপ্লের মাধ্যমে গাড়ির স্বয়ংক্রিয়তার মাত্রা, ব্যবহারের সীমানা ও সীমাবদ্ধতা সম্পর্কে চালক বা ব্যবহারকারীকে স্পষ্ট ধারণা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল।