প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন ব্রেট লি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৫, | ১৮:২৫:৩৫ |

নিজের প্রজন্মের অন্যতম দ্রুতগতির বোলার হিসেবে খ্যাত অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও সফল এক নাম। আইপিএলের কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমান পাঞ্জাব কিংস) দিয়ে পথচলা শুরু করে পরবর্তীতে কলকাতা নাইট রাইডার্সে খেলেছিলেন তিনি। 

খেলোয়াড়ি জীবনের ক্যারিয়ার যখন তুঙ্গে, ঠিক সেই সময় তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাবের সহ-মালিক ও বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার সঙ্গে তার প্রেমের জোর গুঞ্জন ছড়ায়। আইপিএলে একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কারণে এই গুঞ্জন আরও ডালপালা মেলেছিল। তবে এতদিন পর হিন্দি সিনেমার কোনো অভিনেত্রীর সঙ্গেই তার প্রেমের সম্পর্ক থাকার বিষয়টি সম্পূর্ণ নাকচ করে দিয়ে অতীতের সব গুঞ্জন উড়িয়ে দিলেন এই অজি কিংবদন্তি।

মুম্বাইয়ের বম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেট লি স্পষ্ট জানান, তিনি কখনোই কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াননি। প্রীতি জিনতার সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, তারা দুজন আজও ‘দারুণ বন্ধু’। প্রীতির বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্বের প্রশংসা করে তিনি আরও জানান, এই বলিউড তারকার প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। অনর্গল রটে যাওয়া এসব গুঞ্জন তাকে কখনোই মানসিকভাবে বিচলিত করতে পারেনি, কারণ তিনি সত্যটা খুব ভালো করেই জানতেন। মানুষের জল্পনা-কল্পনা নিয়ে তার কোনো মাথাব্যথা ছিল না এবং এসব মন্তব্যকে তিনি নিজের ওপর প্রভাব ফেলতে দেননি বলেও জানান এই তারকা।

প্রায় দেড় দশক আগের সম্পর্কের সেই ধারা আজও এতটুকু বদলায়নি। ২০১১ সালে মুম্বাইয়ের এক অনুষ্ঠানেও একই সুর শোনা গিয়েছিল এই পেসারের মুখে। সে সময় ব্রেট লি বলেছিলেন যে, কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলার সুবাদে প্রীতি জিনতাকে তিনি খুব কাছ থেকে চেনার সুযোগ পেয়েছেন এবং ভারতে তার যেসব ঘনিষ্ঠ বন্ধু রয়েছে, তাদের মধ্যে প্রীতি অন্যতম।

অন্যদিকে, এসব লিংক-আপ বা প্রেমের ভুয়া খবর যখন সীমা অতিক্রম করতে শুরু করেছিল, তখন তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন স্বয়ং প্রীতি জিনতাও। নিজের দলের ক্রিকেটারদের সঙ্গে অনর্থক প্রেমের খবর রটানোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ২০১০ সালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (তৎকালীন টুইটার) একটি পোস্ট করেছিলেন এই অভিনেত্রী। সে সময় প্রীতি লিখেছিলেন, নিজের দলের সহখেলোয়াড়দের সঙ্গে তার নাম জড়ানোর বিষয়টিতে তিনি মারাত্মক বিরক্ত। তিনি নিশ্চিত করে জানান যে, তিনি পুরোপুরি সিঙ্গেল এবং নিজের দলের কিংবা অন্য কোনো ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন না। ভবিষ্যতে কারও সঙ্গে সম্পর্কে জড়ালে তিনি নিজেই তা সবাইকে জানিয়ে দেবেন বলেও সেই পোস্টে সাফ জানিয়ে দিয়েছিলেন।

খেলোয়াড়ি ও বিনোদন জীবনের ইতি টেনে বর্তমানে দুজনই নিজ নিজ জীবনে ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘ ২০ বছরের বর্ণিল ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনে ২০১৫ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন ব্রেট লি। অজিদের হয়ে তিনি ৭৬টি টেস্টে ৩১০টি উইকেট এবং ২২১টি ওয়ানডে ম্যাচে ৩৮০টি উইকেট শিকার করেছেন।

অন্যদিকে, ২০১৬ সালে লস অ্যাঞ্জেলেসে এক ঘরোয়া হিন্দু রীতিতে নিজের দীর্ঘদিনের বন্ধু জিন গুডএনাফকে বিয়ে করেন প্রীতি জিনতা। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে দুই যমজ সন্তানকে স্বাগত জানান এই দম্পতি। প্রীতিকে সর্বশেষ দেখা গিয়েছিল নীরজ পাঠক পরিচালিত সানি দেওল অভিনীত ‘ভাইয়াজি সুপারহিট’ চলচ্চিত্রে। বর্তমানে তিনি রাজকুমার সন্তোষী পরিচালিত এবং আমির খান প্রযোজিত ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় কামব্যাক করার প্রস্তুতি নিচ্ছেন, যেখানে তার বিপরীতে আবারও দেখা যাবে সানি দেওলকে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..