কেন বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ইয়ামি?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৩, | ১০:৪০:১৫ |

বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইয়ামি গৌতম। তবে ক্যারিয়ারের একটি পর্যায়ে তিনি অভিনয় জগত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের কথা তুলে ধরেছেন অভিনেত্রী।

ইয়ামির ভাষ্যমতে, ‘ভিকি ডোনার’ ছবির সাফল্যের পরও দীর্ঘ সময় তিনি প্রত্যাশিত মানের চরিত্র বা কাজ পাচ্ছিলেন না। এতে হতাশ হয়ে তিনি বলিউড ছেড়ে নিজের রাজ্য হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

অভিনেত্রী জানান, সে সময় তিনি পারিবারিক কৃষিজমিতে কাজ করে কিংবা অন্য কোনো পেশা বেছে নিয়ে নতুনভাবে জীবন শুরু করার কথাও ভেবেছিলেন। এমনকি চলচ্চিত্র অঙ্গন ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে তার পরিবারেরও কোনো আপত্তি ছিল না।

ইয়ামি বলেন, একসময় তিনি বুঝে গিয়েছিলেন যে বিকল্প পথ খুঁজে নেওয়াই হয়তো তার জন্য ভালো হবে। তবে ঠিক সেই সময়ই কিছু ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের সুযোগ আসে, যা তার সিদ্ধান্ত বদলে দেয়। পরে তিনি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’এর মতো সফল ছবিতে অভিনয় করে নতুনভাবে ক্যারিয়ারে ঘুরে দাঁড়ান।

সাক্ষাৎকারে বলিউডে বহিরাগত শিল্পীদের সংগ্রামের বিষয়টিও তুলে ধরেন ইয়ামি। তার দাবি, তারকা পরিবারের সদস্যরা ব্যর্থতার পরও একাধিক সুযোগ পান। কিন্তু যারা চলচ্চিত্র পরিবারের বাইরে থেকে আসেন, তাদের একটি সুযোগের জন্যও দীর্ঘদিন লড়াই করতে হয়।

ইয়ামির এই মন্তব্য আবারও বলিউডে ‘স্টার কিড’ বনাম ‘আউটসাইডার’ বিতর্ককে সামনে নিয়ে এসেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..