✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-০২, | ১৫:২৮:১৮ |হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের তৈরি একটি সমঝোতা প্রস্তাবে সম্মতি দিয়েছে ইরান। ইসরায়েলি সম্প্রচারমাধ্যম এন১২-কে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট দুজন কূটনীতিক এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির এই সম্মতিতে রাজি হয়েছে। যার কারণে ডোনাল্ড ট্রাম্প তেহরানে বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা বাতিল করতে সম্মত হন। প্রস্তাব অনুযায়ী ইরান ও ওমানের জলসীমার মধ্যে জাহাজ চলাচল ভাগ করা হবে। প্রস্তাবিত এই ব্যবস্থায়, হরমুজ প্রণালী হয়ে পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজগুলো ইরানের আঞ্চলিক জলসীমা দিয়ে চলাচল করবে।অন্যদিকে প্রণালীটি দিয়ে উপসাগর থেকে বেরিয়ে যাওয়া জাহাজগুলো ওমানের আঞ্চলিক জলসীমা ব্যবহার করবে।
কূটনীতিকরা জানিয়েছেন, ওমানও এই প্রস্তাবে সম্মতি দিয়েছে। তবে ওমান ইরানের কাছে এ বিষয়ে স্পষ্টতা চেয়েছেন।
এন১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, অর্জিত সমঝোতার প্রতি আইআরজিসি গার্ডের সমর্থন নিশ্চিত করতে কাতারি মধ্যস্থতাকারীরা ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
দ্রুত সমঝোতার আশায় হামলা বাতিল করেছেন ট্রাম্প
ট্রাম্প রবিবার(২ জুলাই) বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক হামলা আপাতত স্থগিত রাখবেন। দেশটি এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর কাছ থেকে অনুরোধ পাওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নেন; দেশগুলো একটি চুক্তির ‘রূপরেখা’ চূড়ান্ত করার জন্য সময় চেয়েছিল।
ট্রাম্প 'ট্রুথ সোশ্যাল'-এ লিখেছেন, ইসলামিক রিপাবলিক অফ ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত ও সজ্জিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এমন সামরিক শক্তি ও সক্ষমতা আর দেখা যায়নি। ট্রাম্প জানান, ইরান ও আঞ্চলিক অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রকে হামলা বিলম্বিত করার অনুরোধ জানিয়েছিল কারণ একটি চুক্তির কাঠামো বা রূপরেখা নিয়ে সমঝোতা হয়েছে।
তিনি বলেন, এই অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং বিশ্বের ভবিষ্যৎ কল্যাণ ও সেই সঙ্গে একটি সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার স্বার্থে আমি দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে হামলাটি বাতিল করতে সম্মত হয়েছি। চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে এবং পারমাণবিক কর্মসূচির বিষয়টিও সুরাহা করা হবে।
মার্কিন প্রেসিডেন্ট জানান, প্রস্তাবিত এই চুক্তিতে হরমুজ প্রণালী ‘অবিলম্বে ও সম্পূর্ণভাবে’ পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানোর বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। তিনি আরও বলেন, আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নেওয়া অবস্থানের সঙ্গে ইসরায়েলও একমত হয়েছে। সবাই কাজে লেগে পড়ুন এবং কাজটি সম্পন্ন করুন।
সূত্র: তুর্কি টুডে।