জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘দ্য সোপ্রানোস’-এ সালভাতোরে ‘বিগ পুসি’ বনপেনসিয়েরো চরিত্রে অভিনয়ের জন্য খ্যাতিমান মার্কিন অভিনেতা ভিনসেন্ট পাস্তোরে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
পাস্তোরের দীর্ঘদিনের ম্যানেজার বব ম্যাকগোয়ান জানান, অভিনেতা ভিনসেন্ট কুরাতোলা শনিবার তাকে মৃত্যুর খবরটি জানান। কয়েক দিন ধরে বন্ধু ও সহকর্মীরা তার সঙ্গে যোগাযোগ করতে না পারায় নিউইয়র্কের সিটি আইল্যান্ডে নিজ বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ম্যাকগোয়ান পাস্তোরেকে একজন বিশ্বস্ত মানুষ, দাতব্য কর্মকাণ্ডের উদার সমর্থক এবং সবসময় অন্যদের সাহায্যে এগিয়ে আসা ব্যক্তি হিসেবে স্মরণ করেন।
তার দীর্ঘদিনের প্রতিনিধি রবার্ট অ্যাটারম্যান বলেন, পাস্তোরে ছিলেন অত্যন্ত আন্তরিক, সদালাপী এবং ভক্তদের প্রতি নিবেদিত। তিনি কখনও ছবি তোলা বা অটোগ্রাফ দেওয়ার অনুরোধ ফিরিয়ে দিতেন না। পাশাপাশি নতুন অভিনেতাদেরও নিয়মিত উৎসাহ দিতেন।
অভিনেতা মাইকেল ইম্পেরিওলি ইনস্টাগ্রামে শ্রদ্ধা জানিয়ে লেখেন, কয়েক দশকের বন্ধুত্ব, একসঙ্গে কাজ ও ভ্রমণের অসংখ্য স্মৃতি তার সঙ্গে জড়িয়ে আছে। তিনি পাস্তোরের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর ভালোবাসা এবং দায়বদ্ধতার প্রশংসা করেন।
ভিনসেন্ট পাস্তোরে ১৯৮০-এর দশকে অভিনয়জীবন শুরু করেন। ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত ‘গুডফেলাস’ ও ‘অ্যাওয়েকেনিংস’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তবে এইচবিওর বহুল প্রশংসিত সিরিজ ‘দ্য সোপ্রানোস’-এ এফবিআইয়ের তথ্যদাতা ‘বিগ পুসি’ বনপেনসিয়েরো চরিত্রে ৩০টি পর্বে অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন।
নিউইয়র্কের ব্রঙ্কসে জন্ম নেওয়া পাস্তোরে বেড়ে ওঠেন নিউ রোশেলে। ভিয়েতনাম যুদ্ধের সময় তিনি মার্কিন নৌবাহিনীতে দায়িত্ব পালন করেন। পরে পেস ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। মৃত্যুকালে তিনি মেয়ে রেনি পাস্তোরেকে রেখে গেছেন।
এ জাতীয় আরো খবর..