✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-৩১, | ২০:৫৯:০৬ |১৫ বছর আগে লেনদেনে ১০০ টাকা কম দিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার শমসের আলী। সেই পাওনা পরিশোধ করতে সদর উপজেলার মজলিশপুর থেকে আখাউড়ার খড়মপুরে যান এই বয়োজ্যেষ্ঠ।
শুক্রবার সকালে তিনি পাওনাদার এম এন এইচ খাদেম দুলালের বাড়িতে হাজির হন। তবে টাকাটি গ্রহণ করে তাকেই আবার আপ্যায়নের জন্য ফেরত দিয়েছেন খাদেম দুলাল।
শমসের আলী জানান, ১৫ বছর আগে তিনি বিদেশে লোক পাঠানোর বিষয়ে লেনদেন করেছিলেন দুলাল খাদেমের সঙ্গে। এ সময় তিনি ১০০ টাকা কম দিয়েছিলেন। ওই টাকা পরিশোধ করা নিজের দায়িত্ব বলে মনে করছিলেন। যে কারণে এতো বছর পরে হলেও টাকাটা ফেরত দিতে এসেছেন।
তিনি বলেন, ১ টাকা হোক আর ১০০ টাকাই হোক-কারো পাওনা শোধ করাটা অবশ্যই কর্তব্য। ঢাকায় বসবাসকারী দুলাল খাদেম মাঝে মাঝে শুক্রবার এলাকায় আসেন জেনে সেই চিন্তা থেকেই এসেছি।
এ ব্যাপারে দুলাল খাদেম বলেন, অনেক সময় লেনদেন করতে গিয়ে টাকা গুণে রাখা হয় না। ওই ব্যক্তির বেলায় এটাও হয়ে থাকতে পারে। তবে আমার কিছুই মনে নেই। তিনি এসে আমার হাতে ১০০ টাকা দিলে আমি গ্রহণ করে তাকে ফেরত দিয়ে বলি, কিছু একটা যেন কিনে খান।