তের বছর আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আবদুল লতিফ সিদ্দিকীকে হাজির করা হয়। এরপর, প্রসিকিউটর মিজানুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ সময় ট্রাইব্যুনালের উদ্দেশ্যে কথা বলতে চাইলে, আদালত লতিফ সিদ্দিকীর কথা শোনেননি। এসময় তিনি নিজের ফাঁসির দাবি জানান। পরে আদালত কক্ষে পুলিশের সঙ্গে লতিফ সিদ্দিকীর কিছুটা বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে হাতকড়া পরিয়ে বের করা হয়। এসময় লতিফ সিদ্দিকীর ভাই বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীও আদালতে উপস্থিত ছিলেন। পরে তিনি দাবি করেন, তার বড় ভাইকে অন্যায়ভাবে এই মামলায় জড়ানো হয়েছে। তারা আইনি লড়াই চালিয়ে যাবেন। শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় গত সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-২।
এই মামলার ১০ নম্বর আসামি হিসেবে ২০১৩ সালে তৎকালীন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী শাপলা চত্বরে গণহত্যার ঘটনার পরিকল্পনাকারী ছিলেন বলে জানিয়েছেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম। ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার সূত্রে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে গুলশান-১ এর নিজ বাসভবন থেকে আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।
এ জাতীয় আরো খবর..