ভালো না লাগলে কাজ ছেড়ে দিতেও দ্বিধা করি না: তানজিন তিশা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৯, | ১৪:১৮:৪৯ |

তানজিন তিশা। অভিনেত্রী ও মডেল। শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায় কাজ করছেন তিনি। এ সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে তাঁর। পাশাপাশি নিয়মিত নাটকেও। সম্প্রতি শাড়িকাণ্ড নিয়ে কাজের বাইরেও চর্চায় তিনি। এসব আলোচনা ও কাজের নানা প্রসঙ্গ নিয়ে কথা হয় তাঁর সঙ্গে। 

সাম্প্রতিক সময়ে আপনার কাজের ব্যস্ততা কেমন?
রেগুলার কাজ নিয়েই ব্যস্ততা। নাটকের কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকা হয়। তবে এখন আর শুধু ব্যস্ত থাকার জন্য কাজ করি না। গল্প, চরিত্র আর পরিচালক– এই তিনটি বিষয় আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো না লাগলে কাজ ছেড়ে দিতেও দ্বিধা করি না। 

আগে কি এমন বাছাই করে কাজ করতেন না?
না, সময়ের সঙ্গে অনেক কিছু শিখেছি। এখন বুঝি, একটা ভালো কাজ অনেক সাধারণ কাজের চেয়ে বেশি মূল্যবান। দর্শকও এখন ভালো গল্প দেখতে চান। তাই আমিও সে জায়গাটাকেই গুরুত্ব দিচ্ছি।

দর্শক বলছেন, এখনকার তিশা আগের চেয়ে অনেক পরিণত। এতে আপনি কী মনে করেন?
আমিও সেটা অনুভব করি। অভিনয় নিয়ে এখন অনেক বেশি সিরিয়াস। প্রতিটি চরিত্র নিয়ে সময় দিচ্ছি। দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি, সেটা আমাকে আরও দায়িত্বশীল করেছে।

সম্প্রতি শাড়িকাণ্ড নিয়ে মামলার মুখেও পড়লেন... 
বিষয়টি অনেকটা হাস্যকর; যা এখন আদালতে বিচারাধীন। আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। অনেক কিছু বলার ছিল, কিন্তু আইনি প্রক্রিয়াকে সম্মান জানিয়েই সামনে আগাচ্ছি। শুধু বলব, আমি ১২-১৪ বছর ধরে এ ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এত বছরের পরিশ্রমে একটা জায়গা তৈরি করেছি। একটা শাড়ির জন্য আমি আমার পুরো ক্যারিয়ার নষ্ট করব– এটা কি বিশ্বাসযোগ্য? আমি মনে করি না।

আপনি বলেছিলেন, কেউ ওপরে উঠতে চাইলে তাঁকে টেনে নামানোর চেষ্টা হয়...
এটা আমার ব্যক্তিগত অনুভূতি। যেদিন আমার প্রথম সিনেমা ‘সোলজার’-এর শুটিং শুরু হলো, তার পরপরই আইনি নোটিশ এলো। এরপর মামলা হলো। ঘটনাগুলোর সময়কাল আমাকে এমনটাই ভাবিয়েছে। তবে এসবের বিচার আদালতই করবেন।

আদালতের নির্দেশ অনুযায়ী ১৩ আগস্ট হাজির হবেন?
অবশ্যই। আমি আদালতে যাব। আইনের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আমার আইনজীবী বিষয়টি দেখছেন। আমি আইনিভাবেই সবকিছু মোকাবিলা করব।

তানজিন তিশা। ছবি: ফেসবুক

তানজিন তিশা। ছবি: ফেসবুক

এই বিতর্ক কি আপনার কাজে প্রভাব ফেলবে না?
আমি চাই আমার কাজ দিয়েই মানুষ আমাকে মূল্যায়ন করুক। ব্যক্তিগত বা আইনি বিষয় নিয়ে যতটা না ভাবি, তার চেয়ে বেশি ভাবি পর্দায় দর্শককে কী দিতে পারছি।

সামনে আপনার প্রথম সিনেমা ‘সোলজার’ মুক্তি পাচ্ছে। কেমন অনুভূতি?
খুবই ভালো অনুভূতি। প্রথম সিনেমা নিয়ে স্বাভাবিকভাবেই অনেক উত্তেজনা কাজ করছে। আশা করি দর্শক আমাকে নতুনভাবে গ্রহণ করবেন। আমি নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করেছি। কিছু কাজ বাকি আছে। সেটার সমাপ্তি টানা হবে শিগগিরই। 

নাটক নাকি সিনেমা– এখন কোনটিকে বেশি গুরুত্ব দিচ্ছেন?
ভালো গল্প হলে মাধ্যম আমার কাছে বড় বিষয় নয়। নাটক, সিনেমা বা ওটিটি– যেখানেই শক্তিশালী চরিত্র পাব, সেখানেই কাজ করতে চাই।

তানজিন তিশা। ছবি: ফেসবুক

তানজিন তিশা। ছবি: ফেসবুক

দর্শকদের জন্য কোনো বার্তা?
যারা শুরু থেকেই আমাকে ভালোবেসেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি চাই, আমার কাজ দেখে তারা গর্ববোধ করেন। সামনে আরও ভালো কাজ নিয়ে হাজির হবো– এই প্রতিশ্রুতিই দিতে পারি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..