✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-২৯, | ১৪:০৬:৪৬ |ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবার গায়ক হিসেবেও একক কনসার্টে মঞ্চে উঠতে যাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নাটকে ও ব্যক্তিগত আয়োজনে গান গাইলেও এবারই প্রথম দর্শকদের জন্য পূর্ণাঙ্গ সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি।
আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। ড্রিমবক্স এন্টারটেইনমেন্টের আয়োজনে অনুষ্ঠানে প্রায় দুই ঘণ্টা গান পরিবেশন করবেন এই অভিনেতা। কনসার্টে তার পছন্দের শিল্পীদের জনপ্রিয় ১০টি গানের পাশাপাশি থাকবে তার কণ্ঠে প্রকাশিত কয়েকটি নাটকের গানও।
কনসার্টের ঘোষণা দেওয়ার পর দর্শকদের ব্যাপক সাড়া পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি প্রকাশ করেন অপূর্ব। তিনি লেখেন, ঘোষণা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এত ভালোবাসা ও সাড়া পাবেন, তা তিনি কল্পনাও করেননি। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দর্শকদের ভালোবাসাই এই আয়োজনকে তার জন্য আরও বিশেষ করে তুলেছে।
যুক্তরাষ্ট্র থেকে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অপূর্ব বলেন, অভিনয়ের পাশাপাশি গান গাওয়া তার দীর্ঘদিনের ভালো লাগার জায়গা। বন্ধুদের আড্ডা কিংবা বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানে নিয়মিত গান গেয়েছেন তিনি। তার অভিনীত কয়েকটি নাটকেও নিজের কণ্ঠে গান রয়েছে। যুক্তরাষ্ট্রের এই আয়োজন তাকে সম্মানজনকভাবে গান গাওয়ার সুযোগ করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে নিজের পছন্দের শিল্পীদের গান পরিবেশনের পাশাপাশি একটি নাটকের গানও গাওয়ার ইচ্ছার কথা জানান।
তিনি আরও বলেন, আয়োজকরা ভবিষ্যতেও অন্য শিল্পীদের একইভাবে সম্মান দিয়ে মঞ্চে তুলে ধরবেন বলে তার বিশ্বাস। এমন একটি আয়োজনের অংশ হতে পেরে তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজক সূত্রে জানা গেছে, কনসার্টের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ ও ৩০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৩০০ টাকা এবং ৩৭ হাজার টাকা। আসনসংখ্যা সীমিত থাকায় আগ্রহীদের আগেভাগেই টিকিট সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।
বর্তমানে কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অপূর্ব। এ সময় পরিবারের সঙ্গেও সময় কাটাচ্ছেন তিনি। তার অভিনীত সর্বশেষ ওয়েব সিরিজ ‘হেডলাইন’ সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে। এতে সাংবাদিক জহির চরিত্রে অভিনয় করেছেন তিনি।
অভিনয়ের আগে অপূর্বের স্বপ্ন ছিল প্রকৌশলী হওয়ার। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তিনি। সেই সময় গানচর্চার প্রতিও ছিল সমান আগ্রহ। একসময় সংগীতশিল্পী হওয়ার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত অভিনয়ই তাকে এনে দেয় ভিন্ন পরিচিতি। দুই দশকেরও বেশি সময় ধরে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন তিনি।