টম ক্রুজের উপাধি ত্যাগ করলেন মেয়ে সুরি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৮, | ২২:০৮:৫০ |

হলিউড তারকা টম ক্রুজ ও অভিনেত্রী কেটি হোমসের একমাত্র কন্যাসন্তান সুরি আইনিভাবে তার বাবার বিখ্যাত ‘ক্রুজ’ উপাধি বর্জন করেছেন। ভোটার নিবন্ধনের নথি অনুযায়ী, ২০ বছর বয়সী এই কলেজশিক্ষার্থী আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজের নাম ‘সুরি ক্রুজ’ পরিবর্তন করে ‘সুরি নোয়েল’ রেখেছেন। 

বিষয়টি প্রথম প্রকাশ করে বিনোদন সাময়িকী পেজ সিক্স।

বর্তমানে সুরির বয়স ২০ বছর এবং তিনি পেনসিলভেনিয়ার পিটসবার্গের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। ২০২৪ সালের অক্টোবরে বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়ার পর তিনি পেনসিলভেনিয়ার অ্যালেগেনি কাউন্টিতে ভোটার হিসেবে নাম নথিভুক্ত করেন। সেখানে তার নাম লেখা রয়েছে ‘সুরি নোয়েল’। উল্লেখ্য, ‘নোয়েল’ শব্দটি মূলত তার মা কেটি হোমসের মধ্যনাম।

হলিউডের একসময়ের আলোচিত এই তারকা দম্পতির কোল আলো করে ২০০৬ সালের এপ্রিলে জন্ম নেন সুরি। সন্তান জন্মের সাত মাস পর, অর্থাৎ ২০০৬ সালের নভেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন টম ক্রুজ ও কেটি হোমস। তবে তাদের এই সংসার দীর্ঘস্থায়ী হয়নি; ২০১২ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর থেকে মায়ের সঙ্গেই বড় হয়েছেন সুরি।

ভোটার তালিকায় ‘সুরি নোয়েল’ হিসেবে নিবন্ধিত হওয়ার কয়েক মাস আগেই নিজের এই নতুন পরিচয়ের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। ২০২৪ সালের জুনে উচ্চমাধ্যমিক সমাপনী (হাই স্কুল গ্র্যাজুয়েশন) অনুষ্ঠানেও তিনি ‘ক্রুজ’ উপাধি বাদ দিয়ে ‘সুরি নোয়েল’ নামটি ব্যবহার করেছিলেন। কাকতালীয়ভাবে সেই একই সপ্তাহান্তে টম ক্রুজকে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে টেইলর সুইফটের ‘ইরাস ট্যুর’-এর কনসার্ট উপভোগ করতে দেখা যায়, যেখানে তিনি মেয়ের গ্র্যাজুয়েশনে উপস্থিত ছিলেন না।

মেয়ের এই অর্জনে উচ্ছ্বসিত হয়ে ২০২৪ সালের আগস্টে ‘টাউন অ্যান্ড কান্ট্রি’ সাময়িকীকে দেওয়া এক বিরল সাক্ষাৎকারে কেটি হোমস বলেন, আমি আমার মেয়েকে নিয়ে অত্যন্ত গর্বিত। অবশ্যই তার এত কাছে থাকার অভ্যস্ততা মিস করব, তবে আমি সত্যিই তার জন্য গর্বিত এবং ভীষণ আনন্দিত। আমার নিজের ওই বয়সের কথা মনে পড়ে, যখন নতুন করে পথচলা শুরু হয়। নিজেকে চেনার এই সময়টা দারুণ রোমাঞ্চকর, আমার সেই সময়টা খুব প্রিয় ছিল। তাই সুরির জন্য এভাবে চিন্তা করাটা আমাকে আনন্দ দেয়।

পরবর্তীতে ২০২৪ সালের ডিসেম্বরে ৪৭ বছর বয়সী কেটি হোমস প্রকাশ্যে টম ক্রুজের সঙ্গে সুরির সম্পর্ক এবং বাবার ট্রাস্ট ফান্ড-সংক্রান্ত গুঞ্জন খণ্ডন করেন। ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ১৮ বছর পূর্ণ হওয়ার পর সুরি তার বাবার ট্রাস্ট ফান্ডের অর্থ পাওয়ার অধিকার অর্জন করেছেন। এই খবরের একটি স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে কেটি হোমস লেখেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। ডেইলি মেইলের মনগড়া গল্প বানানো বন্ধ করা উচিত। ক্যাপশনে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‌‘আর নয়, এবার থামুন।’

জনসম্মুখ ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে সব সময় দূরেই রাখতে পছন্দ করেন ২০ বছর বয়সী সুরি। তবে ২০২৫ সালের ৭ আগস্ট নিউ ইয়র্ক সিটিতে মায়ের নতুন চলচ্চিত্র ‘হ্যাপি আওয়ার্স’-এর শুটিং সেটে তাকে দেখা গিয়েছিল। সেখানে মা কেটি হোমস তার জনপ্রিয় ধারাবাহিক ‘ডসনস ক্রিক’-এর সহশিল্পী জশুয়া জ্যাকসনের সঙ্গে শুটিং করার সময় সুরি ও কেটি হোমসকে শহরের রাস্তায় একসঙ্গে হেঁটে যেতে দেখা যায়।

সূত্র: পিপল ডট কম

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..