✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-২৭, | ১১:৪১:৩৬ |দীর্ঘদিন ধরেই বলিউডে গুঞ্জন ছিল, জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’-এর চতুর্থ পর্ব ‘ধুম ৪’-এ দেখা যাবে অভিনেতা রণবীর কাপুরকে। তবে অবশেষে এ বিষয়ে মুখ খুলে সব জল্পনা-কল্পনার ইতি টানলেন তিনি। রণবীর স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে ‘ধুম ৪’-এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো কমিক-কনএ ‘রামায়ণ’ সিনেমার প্রচারণায় অংশ নেন রণবীর কাপুর। সেখানে পরিচালক নিতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মালহোত্রা এবং সহ-অভিনেতা ইয়াশের সঙ্গে একটি সাক্ষাৎকারে অংশ নেন তিনি। সাক্ষাৎকারে উপস্থাপক যখন বলেন, ইয়াশকে শিগগিরই টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস এ দেখা যাবে এবং রণবীর অভিনয় করবেন ‘ধুম ৪’-এ, তখনই রণবীর সেই প্রশ্নের উত্তর দেন।
রণবীর বলেন, “না, আমি এখন ‘রামায়ণ’ এবং সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার কাজ করছি। ‘লাভ অ্যান্ড ওয়ার’ আগামী বছরের ২৪ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা।” এর মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন, আপাতত তার পুরো মনোযোগ এই দুটি প্রকল্পেই সীমাবদ্ধ।
মজার বিষয় হলো, নিজের আসন্ন সিনেমার তালিকা দিতে গিয়ে রণবীর ‘অ্যানিম্যাল পার্ক’-এর নামও উল্লেখ করেননি। ফলে ছবিটির বর্তমান অগ্রগতি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে তিনি আলাদা করে কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে বিভিন্ন প্রতিবেদনে রণবীর কাপুরকে ‘ধুম ৪’-এর সম্ভাব্য প্রধান চরিত্র হিসেবে উল্লেখ করা হলেও, প্রযোজনা প্রতিষ্ঠান ইয়াশ রাজ ফিল্মস এখন পর্যন্ত সিনেমাটির নির্মাণ, কাস্ট বা মুক্তির বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ফলে রণবীরের এই বক্তব্যের পর ‘ধুম ৪’ নিয়ে দীর্ঘদিনের জল্পনা আরও একবার থেমে গেল।