নওগাঁয় খালে গোসলে নেমে প্রাণ গেল নবদম্পতির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৬, | ১৬:১০:০১ |

নওগাঁর বদলগাছী উপজেলায় একটি খালে গোসল করতে নেমে পানিতে ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ ঘটনা ঘটে। ছয় মাস আগে তাদের বিয়ে হয়েছিল।

রবিবার দুপুরে বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মেহেরপুর জেলার বাসিন্দা নূর ইসলাম এবং তার স্ত্রী সুমাইয়া আক্তার। সুমাইয়ার বাড়ি কার্তিকাহার গ্রামে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শনিবার বিকেলে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নূর ইসলাম। রোববার দুপুরে বাড়ির পাশের একটি বড় খালে অন্যদের সঙ্গে গোসল করতে নামেন তিনি। একপর্যায়ে পানিতে তলিয়ে গেলে পাড়ে থাকা স্ত্রী সুমাইয়া তাঁকে উদ্ধারের চেষ্টা করতে খালে নামেন। পরে তিনিও পানিতে নিখোঁজ হন।

ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় আধাঘণ্টা পর দুজনকে অচেতন অবস্থায় খাল থেকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাজী তাহরিমা আক্তার মুন্নি বলেন, স্থানীয় লোকজন দুজনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমীন বলেন, হাসপাতালেই মরদেহের সুরতহাল করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..