✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-২৫, | ১৭:৪৬:৪৫ |নোয়াখালীর সুবর্ণচরে নিজ বসতবাড়িতে নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা, মাদক ব্যবসা ও স্বজনদের প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন ওরফে জাবেদকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার চরজুবলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজুবলি গ্রামের পঞ্চায়েত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাবেদ ওই এলাকার আবুল মিয়া ও ছালেয়া খাতুন দম্পতির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) জাবেদের মা ছালেয়া খাতুন (৬৮) স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানের কাছে নিজের ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, জাবেদ ও তার সহযোগী পিচ্চি মাসুদ (৩৭) এবং সুমন (৩৪) তাঁদের বসতবাড়িকে কেন্দ্র করে মাদক ব্যবসা ও আইনবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এসব অপকর্মে বাধা দেওয়ায় অভিযুক্তরা ছালেয়া খাতুন ও তাঁর পরিবারের সদস্যদের মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেয়।
অভিযোগে আরও জানানো হয়, গত ২৭ মে রাত ৮টার দিকে আসামিরা সংঘবদ্ধভাবে তাঁদের ঘরে ঢুকে দরজা-জানালাসহ ঘরের মালামাল ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতিসাধন করে। প্রতিবাদ করলে ছালেয়া খাতুন ও তাঁর স্বামীকে পিটিয়ে আহত করা হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাবেদের বিরুদ্ধে তাঁর মায়ের একটি লিখিত অভিযোগ ছাড়াও বিস্ফোরক ও মারামারির ঘটনায় আরও দুটি মামলা রয়েছে। শনিবার দুপুরে তাঁকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।