মুক্তির এক দশক পর পাল্টে গেল অস্কারজয়ী সিনেমার পোস্টার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২২, | ১৪:১২:১১ |

অস্কারজয়ী বিখ্যাত চলচ্চিত্র ‘লা লা ল্যান্ড’-এর অন্যতম জনপ্রিয় পোস্টারটিতে রায়ান গোসলিংয়ের হাতের অবস্থান নিয়ে অভিনেতার যে আক্ষেপ ছিল, অবশেষে ১০ বছর পর তা দূর হলো। সিনেমাটির মুক্তি পাওয়ার এক দশক পূর্তি উদযাপনে প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট একটি নতুন পোস্টার প্রকাশ করেছে, যেখানে গোসলিংয়ের হাতের ভুল ভঙ্গিটি সংশোধন করা হয়েছে।

প্রযোজনা সংস্থার এই উদ্যোগের ফলে অভিনেতা রায়ান গোসলিং এখন স্বস্তির নিশ্বাস ফেলতে পারেন। বছরজুড়ে বিভিন্ন সাক্ষাৎকারে এই পোস্টারটি নিয়ে নিজের অসন্তোষের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন গোসলিং। ২০২৪ সালে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এমন একটি মুহূর্ত আছে যা আমাকে এখনো তাড়া করে বেড়ায়।

পোস্টারটির স্মৃতিচারণ করে গোসলিং তখন বলেছিলেন, আমরা অর্থাৎ আমি এবং এমা স্টোন যখন নাচছিলাম, তখন আমি জানতাম না যে এই দৃশ্যটিই সিনেমার প্রধান পোস্টার হয়ে উঠবে। নাচের নিয়ম অনুযায়ী আমাদের হাত দুটি সোজা ওপরের দিকে তুলে রাখার কথা ছিল। কিন্তু আমি ভেবেছিলাম হাতটি একটু চ্যাপ্টা বা সমান্তরালভাবে রাখলে হয়তো দেখতে বেশি দারুণ লাগবে, যদিও সে সময় সবাই আমাকে বলেছিল এটা মোটেই ভালো দেখাচ্ছে না। আমি তবু নিশ্চিত ছিলাম যে আমার ভাবনাটাই বেশি আকর্ষণীয়।

নিজের এই ভুলের জন্য আফসোস করে তিনি আরও বলেছিলেন, এখন যখনই আমি এই পোস্টারটির দিকে তাকাই—আর আমাকে তো এটি সব সময়ই দেখতে হয়—তখন মনে হয় যদি আমি সঠিক ভঙ্গিতেই হাতটা রাখতাম তবে কতই না ভালো হতো! হাতের ওই ভুল ভঙ্গি পুরো নাচের উৎসাহ ও শক্তিকে নষ্ট করে দিয়েছিল। আমি মজা করে এটাকে বলি ‘লা লা হ্যান্ড’।

আগামী ১৬ আগস্ট রবিবারে ‘লা লা ল্যান্ড’ পুনরায় সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। ছয়টি ক্যাটাগরিতে অস্কার বিজয়ী এই জনপ্রিয় মিউজিক্যাল ফিল্মটি লিখেছেন ও পরিচালনা করেছেন ড্যামিয়েন চ্যাজেল। লস অ্যাঞ্জেলেসে নিজেদের স্বপ্ন পূরণের লড়াইয়ের মাঝে প্রেমে পড়া এক জ্যাজ পিয়ানোবাদক ও এক উদীয়মান অভিনেত্রীর গল্প নিয়ে তৈরি এই চলচ্চিত্রে অভিনয় করেছেন রায়ান গোসলিং ও এমা স্টোন। এ ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন জন লিজেন্ড, রোজমেরি ডিউইট, ফিন উইট রক এবং জে. কে. সিমন্স।

সূত্র: ডেডলাইন 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..