✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-২১, | ২০:৫৬:২৯ |রিয়েল এস্টেট খাতে নিজের বিনিয়োগ বাড়িয়ে চলেছেন বলিউড তারকা জন আব্রাহাম। এবার মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রা ওয়েস্টে ৮৪ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৮ কোটি টাকা) ব্যয়ে একটি বিশাল বিলাসবহুল বাংলো কিনেছেন এই অভিনেতা। মুম্বাইয়ের প্রিমিয়াম রিয়েল এস্টেট বাজারে নামীদামি তারকাদের বাংলো কেনার যে হিড়িক পড়েছে, তারই অংশ হিসেবে এই নতুন সংযোজনকে দেখছেন বাজার বিশ্লেষকরা।
সম্পত্তি নিবন্ধন-সংক্রান্ত নথি সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই ১,০১৭.৬০ বর্গমিটার জমির ওপর নির্মিত এই সম্পত্তিটির রেজিস্ট্রি সম্পন্ন হয়। এতে ১৯৩.১২ বর্গমিটারের একটি মূল বাংলোর পাশাপাশি প্রায় ৩১.৫০ বর্গমিটারের একটি আউটহাউস রয়েছে। রেজিস্ট্রি প্রক্রিয়া সম্পূর্ণ করতে জন আব্রাহাম প্রায় ৫.০৪ কোটি রুপি স্ট্যাম্প ডিউটি প্রদান করেছেন। নওশির এরুচ দিভিত্রে, ফ্রেডন এরুচ দিভিত্রে, ক্রিস্টাল ফিরোজ দিভিত্রে এবং এরুচ ফিরোজ দিভিত্রের কাছ থেকে কনভেয়েন্স দলিলের মাধ্যমে এই ফ্রিহোল্ড সম্পত্তিটি কেনা হয়েছে।
তবে এই চুক্তি নিয়ে অভিনেতা বা বিক্রেতাপক্ষের কারও মন্তব্য পাওয়া যায়নি।
এটিই জনের প্রথম বড় রিয়েল এস্টেট বিনিয়োগ নয়। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে মুম্বাইয়ের খার এলাকার লিংকিন রোডে ৭০.৮৩ কোটি রুপিতে একটি বিলাসবহুল বাংলো কিনেছিলেন তিনি। সেই সম্পত্তির জন্য স্ট্যাম্প ডিউটি হিসেবে তিনি ৪.২৪ কোটি রুপি দিয়েছিলেন। একের পর এক এমন কৌশলগত বিনিয়োগের মাধ্যমে বলিউডের এই তারকা আবাসন খাতে নিজের অবস্থান আরও মজবুত করলেন।
অভিনয়জগতেও ব্যস্ত সময় পার করছেন জন আব্রাহাম। মুম্বাইয়ের সাবেক পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার জীবন ও বর্ণাঢ্য ক্যারিয়ারের ওপর ভিত্তি করে নির্মিতব্য একটি বায়োপিক চলচ্চিত্রে তাকে মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
সূত্র: এনডিটিভি