✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-২১, | ২০:৫৫:৫১ |আমাজন এমজিএম স্টুডিওস ও ইউনাইটেড আর্টিস্টসের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া নতুন চলচ্চিত্র ‘লিজার্ড মিউজিক’-এ হলিউড মেগাস্টার ডোয়েন জনসনের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ১০ বছর বয়সী থিও ক্লার্ক লেবার। ড্যানিয়েল পিঙ্কওয়াটারের ১৯৭৬ সালের বিখ্যাত উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করছেন বেনি সাফদি।
কয়েক মাসব্যাপী দীর্ঘ বাছাই প্রক্রিয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর বাসিন্দা এই চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ছবিটির জন্য চূড়ান্ত করা হয়, যা দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় পা রাখতে যাচ্ছে থিও।
লাইভ-অ্যাকশন এবং কম্পিউটার-জেনারেটেড ইমেজ বা সিজিআই-এর মিশ্রণে তৈরি হতে যাওয়া এই সিনেমার গল্প এক কৌতূহলী ছেলেকে ঘিরে, যার ভূমিকায় দেখা যাবে থিওকে। গভীর রাতে টিভিতে এক অদ্ভুত সম্প্রচারে টিকটিকিদের ভিন্ন জগতের সংগীত পরিবেশন দেখতে পেয়ে রহস্যের সন্ধানে নেমে পড়ে সে। অনুসন্ধান চালাতে গিয়ে তার পরিচয় হয় ‘দ্য চিকেন ম্যান’ নামে পরিচিত এক অদ্ভুত বৃদ্ধ এবং তার ১১১ বছর বয়সী পোষা মুরগির সঙ্গে। বৃদ্ধের চরিত্রটিতে অভিনয় করছেন ডোয়েন জনসন। তারা দুজন মিলে হারিয়ে যাওয়া এক গোপন সমাজের খোঁজে এক জাদুকরি ও অদ্ভুত অভিযানে পা বাড়ায়।
পরিচালক বেনি সাফদির আগের ছবি ‘দ্য স্ম্যাশিং মেশিন’-এ অভিনয় করে গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়েছিলেন ডোয়েন জনসন। সেই সাফল্যের পর এটিই তাদের দ্বিতীয় কাজ হতে যাচ্ছে। ছবিটির প্রযোজনা বিভাগে যুক্ত আছেন স্কট স্টুবার, নিক নেসবিট, ডেভিড কোপ্লান এবং স্বয়ং ডোয়েন জনসন ও বেনি সাফদি।
প্রথাসিদ্ধ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সাহিত্যে পারদর্শী থিও এর আগে থিয়েটারে অভিনয় করে নিজের দক্ষতার জানান দিয়েছে। আর এবার বিশ্বখ্যাত তারকার সঙ্গে হলিউডের এত বড় প্রজেক্টে অভিষেক থিওর ক্যারিয়ারের জন্য এক বিশাল মাইলফলক হতে যাচ্ছে বলে মনে করছেন চলচ্চিত্র-সংশ্লিষ্টরা।
সূত্র: ডেডলাইন