✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-২১, | ২০:৩১:৫৪ |কর্মজীবনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের পর মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন বলিউড তারকা কার্তিক আরিয়ান। বাবা-মাকে সঙ্গে নিয়ে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে এই অভিনেতা পবিত্র ‘শয়ন আরতি’-তে অংশ নেন এবং বাবা মহাকালের আশীর্বাদ প্রার্থনা করেন।
ক্যারিয়ারের সেরা অর্জনের এই স্মরণীয় মুহূর্তে তার মন্দির দর্শনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে।
প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, সাধারণ পোশাকে মন্দিরের নন্দী হলে হাতজোড় করে একাগ্রচিত্তে প্রার্থনা করছেন কার্তিক। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মন্দিরের সামনে হাতজোড় করে দাঁড়িয়ে থাকার একটি ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে নিজের অনুভূতির কথা ভাগ করে নেন।
কবির খান পরিচালিত এবং সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘চান্দু চ্যাম্পিয়ন’ চলচ্চিত্রে অসামান্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছেন কার্তিক আরিয়ান। ভারত-পাকিস্তান যুদ্ধে গুরুতর আহত হওয়া সত্ত্বেও হাল না ছেড়ে ইতিহাস গড়া ভারতের প্রথম প্যারালিম্পিক সোনাজয়ী মুরলিকান্ত পেটকারের জীবনীনির্ভর গল্প নিয়ে তৈরি হয়েছিল সিনেমাটি। ছবিটিতে কার্তিকের অভিনয় দর্শক ও সমালোচক—উভয় মহলেই ব্যাপক প্রশংসিত হয়।
কার্তিক আরিয়ানকে সম্প্রতি অনন্যা পান্ডের বিপরীতে ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ নামের একটি রোমান্টিক ড্রামায় অভিনয় করতে দেখা গেছে। বর্তমানে তার হাতে বেশ কয়েকটি বড় বাজেট ও ভিন্নধর্মী প্রজেক্ট রয়েছে। খুব শিগগিরই ফ্যান্টাসি ঘরানার ‘নাগজিলা’ চলচ্চিত্রে দেখা যাবে তাকে। এ ছাড়া প্রখ্যাত পরিচালক অনুরাগ বসুর পরিচালনায় ও শ্রীলীলার বিপরীতে একটি নাম না ঠিক হওয়া মিউজিক্যাল রোমান্টিক ছবিতেও তিনি মুখ্য ভূমিকায় কাজ করছেন।
সূত্র: এনডিটিভি