দীর্ঘদিনের প্রেমিক ইসমাইলকে বিয়ে করলেন জেনিফার উইনগেট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২০, | ১৯:৩৩:১১ |

জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইনগেট। দীর্ঘদিনের প্রেমিক উইলিয়াম ইসমাইলের সঙ্গে যুক্তরাজ্যের একটি গির্জায় অত্যন্ত ছিমছাম ও পারিবারিক আবহে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের একটি বিশেষ ভিডিও পোস্ট করে ভক্ত ও অনুরাগীদের এই খুশির খবরটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

বিয়ের এই বিশেষ ভিডিওতে দেখা গেছে, চার্চের ভেতরে খ্রিষ্টীয় রীতি মেনে একে অপরকে বিয়ের প্রতিশ্রুতি দিচ্ছেন বর ও কনে। সেইসঙ্গে তাদের বিয়ের ছবির ফটোশুটের কিছু মুহূর্তও ভিডিওতে তুলে ধরা হয়েছে। ভিডিওর শেষে জেনিফার তার স্বামীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে লিখেছেন, অবশেষে আনুষ্ঠানিকভাবে আমার জীবনসঙ্গী ও স্বামী উইলের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। ছবির ক্যাপশনে জেনিফার লিখেছেন, অবশেষে আমাদের ভাগ্য এক সুতোয় বাঁধা পড়ল।

বম্বে টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) যুক্তরাজ্যে তাদের বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এই হোয়াইট ওয়েডিং বা খ্রিষ্টান রীতির বিয়েতে শুধুমাত্র দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

জেনিফার ও উইলিয়াম ইসমাইলের প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরে বিনোদনপাড়ায় ভেসে বেড়ালেও এতদিন নিজেদের সম্পর্ক নিয়ে তারা কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। জেনিফারের এই সুখবরে সোনু সুদ, জেনেলিয়া ডি’সুজা, মৌনি রায়, রশ্মি দেশাই, জান্নাত জুবায়ের এবং দ্রষ্টি ধামির মতো জনপ্রিয় তারকারা মন্তব্যের ঘরে নতুন দম্পতিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

জানা গেছে, জেনিফারের বিয়ের এই গাউনটি নকশা করেছে ফ্যাশন ব্র্যান্ড ‘কার্লিও ফ্যাশন’। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনিফারের ব্রাইডাল গাউন ট্রায়াল দেওয়ার একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছিল, যেখানে ডিজাইনারকে গাউনের খুঁটিনাটি বুঝিয়ে দিতে এবং জেনিফারের ওড়না ঠিক করতে দেখা গিয়েছিল।

জেনিফারের স্বামী উইলিয়াম ইসমাইল পেশায় একজন ফাইন্যান্স প্রফেশনাল, যিনি বর্তমানে সিঙ্গাপুরে কর্মরত আছেন। ২০২২ সাল থেকে তিনি এমএইচসি ডিজিটাল গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

উল্লেখ্য, এটি জেনিফার উইনগেটের দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তবে ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায় এবং ২০১৬ সালে তারা আনুষ্ঠানিকভাবে ডিভোর্স নেন।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..