এমপিরা অতিরিক্ত চর্বি, চিনি ও লবণযুক্ত খাবারের বিজ্ঞাপন পুরোপুরি নিষিদ্ধের পক্ষে মত দিয়েছেন। যুক্তরাজ্যে প্রতি বছর টিভি, রেডিও ও বাইরে এসব অস্বাস্থ্যকর খাবারের বিজ্ঞাপনে প্রায় ৬৮ কোটি পাউন্ড ব্যয় করা হয় বলে উঠে এসেছে প্রতিবেদনে।
যুক্তরাজ্যে স্থূলতা বা অতিরিক্ত ওজনের সমস্যা নিয়ন্ত্রণে স্কুলের কাছাকাছি ফাস্ট ফুডের দোকান খোলা এবং বিলবোর্ড ও গণপরিবহনে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন নিষিদ্ধের দাবি জানিয়েছেন ব্রিটিশ এমপিরা। হাউজ অব কমন্সের স্বাস্থ্য কমিটি সরকারের প্রতি এ আহ্বান জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ান।
দেশটির হাউস অব কমন্সের স্বাস্থ্যবিষয়ক সংসদীয় কমিটির মতে, স্থূলতার কারণে যুক্তরাজ্যে বছরে প্রায় ৭ হাজার ৪০০ কোটি পাউন্ডের ক্ষতি হচ্ছে। পাশাপাশি মানুষ নানা শারীরিক জটিলতায় ভুগছে।
কমিটির প্রতিবেদনে বলা হয়, ১৯৯২ সাল থেকে স্থূলতা নিয়ন্ত্রণে শত শত উদ্যোগ নেয়া হলেও সেগুলো ব্যর্থ হয়েছে। বর্তমানে ইংল্যান্ডে প্রাপ্তবয়স্কদের দুই-তৃতীয়াংশ (৬৬ শতাংশ) ও ১৩ থেকে ১৫ বছর বয়সীদের ২৮ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতার সমস্যায় ভুগছে। প্রতিবেদনে যুক্তরাজ্যের বর্তমান লেবার সরকারের সমালোচনাও করা হয়। প্রতিশ্রুতি অনুযায়ী তারা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলে অভিযোগ করা হয়েছে।
কমিটির প্রধান ও লিবারেল ডেমোক্র্যাট এমপি লায়লা মোরান বলেন, ‘দৈনন্দিন জীবনে আমরা ক্রমাগত অস্বাস্থ্যকর খাবারের বিজ্ঞাপনের শিকার হচ্ছি। টেলিভিশন, ইন্টারনেট, দোকান বা শিশুদের স্কুল থেকে ফেরার পথে বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে।’
এমপিরা জানান, ফাস্ট ফুড চেইনগুলো জাতীয় পরিকল্পনা আইনের ফাঁক গলে আদালতের মাধ্যমে পার পেয়ে যাচ্ছে। অনেক টেকঅ্যাওয়ে দোকানকে নিয়মের মারপ্যাঁচে ‘রেস্তোরাঁ’ হিসেবে দেখিয়ে স্কুলের কাছাকাছি খোলার অনুমতি নেয়া হচ্ছে। এ অস্পষ্টতা দূর করতে স্থানীয় কাউন্সিলকে আইনি ক্ষমতা দেয়ার জোর দাবি জানিয়েছেন তারা।
অতিরিক্ত চর্বি, চিনি ও লবণযুক্ত খাবারের বিজ্ঞাপন পুরোপুরি নিষিদ্ধের পক্ষে মত দিয়েছেন এমপিরা। যুক্তরাজ্যে প্রতি বছর টিভি, রেডিও ও বাইরে এসব অস্বাস্থ্যকর খাবারের বিজ্ঞাপনে প্রায় ৬৮ কোটি পাউন্ড ব্যয় করা হয় বলে উঠে এসেছে প্রতিবেদনে।
এ জাতীয় আরো খবর..