বাবার শেষ সিনেমার জন্য পিছিয়ে গেল ছেলের প্রথম ছবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৪, | ১৪:৪১:২৮ |

তামিল সিনেমার সুপারস্টার এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত শেষ ছবি ‘জন নায়গন’ আগামী ২৪ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। এই মেগা রিলিজকে কেন্দ্র করে যখন দর্শক মহলে তুমুল উন্মাদনা, ঠিক তখনই বিজয়-ভক্তদের জন্য এলো আরও এক জোড়া বড় খবর। 

বাবার ছবির মুক্তির কারণে পিছিয়ে গেছে ছেলে জেসন সঞ্জয়ের পরিচালনায় প্রথম তামিল ছবি ‘সিগমা’। একইসঙ্গে গুঞ্জন উঠেছে, এই ছবির পর এবার রুপালি পর্দায় অভিনেতা হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বিজয়ের যোগ্য উত্তরসূরি জেসন সঞ্জয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, জেসন সঞ্জয়ের আসন্ন ছবি ‘সিগমা’ পূর্বনির্ধারিত ৩১ জুলাইয়ের পরিবর্তে আগামী আগস্ট মাসে মুক্তি পাবে। মূলত ২৪ জুলাই বাবার ছবির বিশাল মুক্তির বিষয়টি মাথায় রেখেই এক সপ্তাহ পরের এই ছবিটিকে আগস্টে পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নামী প্রযোজনা সংস্থা লাইকা প্রোডাকশনসের প্রধান জিকেএম তামিল কুমারন এই ‘সিগমা’ ছবিটি প্রযোজনা করেছেন। তবে ভেতরের খবর, জেসন সঞ্জয় যখন অভিনেতা হিসেবে নিজের প্রথম ছবিতে পা রাখবেন, তখন তামিল কুমারন লাইকা প্রোডাকশনস নয়, বরং তার নিজস্ব একক ব্যানারে সেই ছবিটি প্রযোজনা করবেন। এই বিষয়ে ইতিমধ্যেই প্রাথমিক আলোচনা বেশ অনেক দূর এগিয়েছে।

পরিচালক হিসেবে জেসনের অভিষেক চলচ্চিত্র ‘সিগমা’ নিয়ে তামিল ইন্ডাস্ট্রিতে দারুণ কৌতূহল তৈরি হয়েছে। সন্দীপ কিষাণ অভিনীত এই ছবিটি মূলত একটি হাইভোল্টেজ হেইস্ট বা ডাকাতি কেন্দ্রিক থ্রিলার, যেখানে টানটান উত্তেজনার পাশাপাশি থাকবে ভরপুর কমেডি এবং গুপ্তধন খোঁজার এক রোমাঞ্চকর পটভূমি। তামিলনাড়ু ও থাইল্যান্ডের মনোরম সব লোকেশনে চিত্রায়িত এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন এস থামান। সন্দীপ কিষাণ ছাড়াও এতে অভিনয় করেছেন ফারিয়া আবদুল্লাহ, রাজু সুন্দরম, সম্পদ রাজসহ আরও অনেকে।

ছবির সিনেমাটোগ্রাফার কৃষ্ণান ভাসান এক সাক্ষাৎকারে জেসনের কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘সিগমা’ নিয়ে দর্শকদের মাঝে যে উন্মাদনা তা সত্যি অভাবনীয়। কিন্তু জেসন এত গোছানো ও শান্ত প্রকৃতির মানুষ যে তার সঙ্গে কাজ করতে কোনো বাড়তি চাপ অনুভব হয়নি। এত বড় তারকা পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও সে বিদেশে গিয়ে রীতিমতো সিনেমা মেকিং নিয়ে পড়াশোনা করে এসেছে। 

অন্যদিকে অভিনেতা সন্দীপ কিষাণও তার তরুণ পরিচালকের ধৈর্য ও স্পষ্ট ধারণার প্রশংসা করে জানিয়েছেন, মাত্র ২৫ বছর বয়সে জেসনের এই শান্ত থেকে কাজ আদায় করে নেওয়ার ধরন তাকে মুগ্ধ করেছে, যা তাকে অনেকখানি বিজয়ের কথাই মনে করিয়ে দেয়। ছবিটির মুক্তি কিছুটা পিছিয়ে গেলেও, বাবার ছবির পরপরই ছেলের এই নতুন সিনেমা এবং তার অভিনয়ে আসার খবর বিজয়-ভক্তদের আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..