✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-১৩, | ১৪:৩১:৩৪ |মাত্র ১ মিলিয়ন ডলার বা প্রায় ১২ কোটি টাকা বাজেটে নির্মিত হরর সিনেমা ‘অবসেশন’ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। চলতি বছর মুক্তির পর ছবিটি বক্স অফিসে আয় করেছে ৩৭৭ মিলিয়ন ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৫৫০ কোটি টাকা। স্বল্প বাজেটের সিনেমা হয়েও এমন সাফল্য চলচ্চিত্র অঙ্গনে বড় বিস্ময় হিসেবে দেখা হচ্ছে।
সিনেমাটি পরিচালনা করেছেন ক্যারি বার্কার। ইউটিউবার হিসেবে পরিচিত এই নির্মাতা এর আগে স্বল্প বাজেটের হরর ছবি মিল্ক অ্যান্ড সিরিয়াল দিয়ে দর্শকদের নজর কাড়েন। ‘অবসেশন’-এর মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন, শক্তিশালী গল্প ও ভিন্নধর্মী নির্মাণশৈলী থাকলে কম বাজেটেও আন্তর্জাতিক বাজারে বড় সাফল্য পাওয়া সম্ভব।
গল্পের কেন্দ্রে রয়েছে বাদ্যযন্ত্রের দোকানের কর্মচারী বিয়ার। অন্তর্মুখী স্বভাবের এই তরুণ সহকর্মী নিকিকে ভালোবাসলেও কখনো নিজের অনুভূতির কথা বলতে পারে না। একদিন একটি রহস্যময় ‘ওয়ান উইশ উইলো’ নামের জাদুকাঠি হাতে পেয়ে সে এমন একটি ইচ্ছা প্রকাশ করে, যাতে নিকি পৃথিবীর অন্য সবার চেয়ে তাকে বেশি ভালোবাসে। ইচ্ছা পূরণ হওয়ার পর প্রথমে সবকিছু স্বপ্নের মতো মনে হলেও ধীরে ধীরে সেই ভালোবাসাই ভয়ংকর দুঃস্বপ্নে পরিণত হয়।
প্রেম, অতিপ্রাকৃত শক্তি, মনস্তাত্ত্বিক ভয় এবং ডার্ক হিউমারের মিশেলে নির্মিত ছবিটি দর্শকদের কাছে আলাদা আবেদন তৈরি করেছে। নির্মাতা গল্পকে শুধু জাম্প স্কেয়ারের ওপর নির্ভর না করে ধীরে ধীরে উত্তেজনা তৈরি করেছেন, যা ছবির অন্যতম শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
ছবিতে বিয়ার চরিত্রে অভিনয় করেছেন মাইকেল জনস্টন এবং নিকির ভূমিকায় রয়েছেন ইন্দে নাভারেটে। বিশেষ করে নিকি চরিত্রে ইন্দে নাভারেটের অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। একই সঙ্গে ছবির আবহসংগীত, সম্পাদনা ও ভয় তৈরির কৌশলও প্রশংসিত হয়েছে।
তবে ছবিটি সমালোচনারও মুখে পড়েছে। কিছু সমালোচকের মতে, নারী চরিত্রের মানসিক ও শারীরিক নির্যাতনের বিষয়টি আরও গভীরভাবে তুলে ধরা যেত। এছাড়া অতিরিক্ত সহিংসতার কারণে যুক্তরাষ্ট্রে সিনেমাটির কয়েকটি দৃশ্য কেটে প্রদর্শনের অনুমতি দেওয়া হয়।
সব মিলিয়ে, মাত্র ১২ কোটি টাকা বাজেটের ‘অবসেশন’ প্রমাণ করেছে বড় বাজেট নয়, মৌলিক গল্প, দক্ষ নির্মাণ এবং শক্তিশালী অভিনয়ই একটি সিনেমাকে বিশ্বজুড়ে আলোচনায় এনে দিতে পারে।