কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্যার পানির স্রোতে ভেসে সজিব জলদাস (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার বিকেলে নিখোঁজ হওয়ার পর রোববার দুপুর পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দলের তল্লাশিতেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
নিখোঁজ সজিব জলদাস উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খোঁজাখালী জলদাসপাড়ার তুফান জলদাসের ছেলে।
স্বজনরা জানান, শনিবার বিকেলে সুজিত তার দুই বন্ধুকে নিয়ে বন্যার পানি দেখতে যায়। এ সময় হঠাৎ পানির প্রবল স্রোতে তিনজনই ভেসে যায়। দুই বন্ধু কোনো রকমে তীরে উঠতে পারলেও সুজিত পানিতে তলিয়ে নিখোঁজ হয়।
খবর পেয়ে স্থানীয় প্রশাসনের অনুরোধে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। তবে পানির তীব্র স্রোত এবং প্রতিকূল পরিস্থিতির কারণে রোববার দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, বন্যার পানিতে ভেসে যাওয়ার ঘটনাটি সত্য। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করলেও এখনো তাকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি।
চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, পানির স্রোত বেশি থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। এ কারণে চট্টগ্রাম থেকে ডুবুরি দলের সহায়তা নেওয়া হয়েছে।
এদিকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও রোববার সকাল থেকে টানা বৃষ্টিতে মাতামুহুরী নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। এতে উপজেলার নিচু এলাকাগুলো নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সূত্র জানায়, চলমান বন্যায় চকরিয়ায় এ পর্যন্ত পাহাড়ধস, নৌকাডুবি ও পানিতে ডুবে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।
এ জাতীয় আরো খবর..